ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশুও। মঙ্গলবার দিবাগত রাতের এ হামলা কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদ এলাকায় চালানো হয় বলে জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। তিনি একে “কাপুরুষোচিত হামলা” হিসেবে আখ্যায়িত করেন এবং জানান, পাকিস্তান এর জবাব দেওয়া শুরু করেছে।
জবাবে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। এর মধ্যে তিনটি ফরাসি নির্মিত রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও একটি মিগ–২৯। পাকিস্তানের দাবি, হামলায় ভারতের কয়েকটি ড্রোন ও নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু ফাঁড়িও ধ্বংস করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে দেখা যায়, ভারতের পক্ষ থেকে ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান শুরু হয়েছে। এর আওতায় পাকিস্তান ও আজাদ কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে ভারতীয় বাহিনীর দাবি, এসব হামলায় পাকিস্তানের সামরিক কোনো স্থাপনাকে লক্ষ্য করা হয়নি।
গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এরপর থেকেই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে, যা অবশেষে সরাসরি সংঘাতে রূপ নেয়।
এদিকে, সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে ভারত ফ্রান্স থেকে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। আনুমানিক ৭৪০ কোটি ডলারের এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতের রাফাল বহর হবে ৬২টি। এগুলো মিগ–২৯ এর স্থলাভিষিক্ত হয়ে ভারতীয় বিমানবাহী রণতরির অংশ হিসেবে ব্যবহৃত হবে।
বিশ্লেষকদের মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।

