কাশ্মীরে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার জের ধরে পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের পর বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। বুধবার ভোরে চালানো এ হামলায় পাকিস্তানের দাবি অনুযায়ী অন্তত আটজন নিহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় দেশটির সেনাবাহিনী জবাব দিচ্ছে বলেও জানিয়েছে ইসলামাবাদ।
এদিকে অঞ্চলজুড়ে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি হওয়ায় বিশ্বনেতারা একের পর এক প্রতিক্রিয়া জানাচ্ছেন- যাদের মূল বক্তব্য শান্তির আহ্বান এবং উত্তেজনা প্রশমন।
ট্রাম্প: ‘অত্যন্ত লজ্জাজনক’-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে “খুবই লজ্জাজনক” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমি মাত্রই ঘটনার কথা শুনেছি। বহু বছর ধরে এই দুই দেশ লড়াই করে আসছে। কেউ কেউ আগেই আঁচ করেছিল এমন কিছু হতে পারে। আশা করি, সংঘাত তাড়াতাড়ি শেষ হবে।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী: পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে-
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্টের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে দুই দেশের নেতৃত্বের সঙ্গে যুক্ত থাকব।”
জাতিসংঘ: নিয়ন্ত্রণ রেখা অতিক্রমে গভীর উদ্বেগ-
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র জানান, “ভারতের সেনা অভিযান আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে- এ নিয়ে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। বিশ্ব আর নতুন কোনো সামরিক সংঘাতের ঝুঁকি নিতে পারবে না।”
জাপান: যুদ্ধ নয়, সংলাপ চাই-
জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি কাশ্মীরের সাম্প্রতিক হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করে তার নিন্দা জানান। একইসঙ্গে তিনি বলেন, “আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে পরিস্থিতি প্রতিশোধমূলক হামলার মাধ্যমে সামরিক সংঘাতে রূপ নিতে পারে। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার স্বার্থে আমরা উভয় দেশকে সংলাপ ও ধৈর্যের পথে থাকার আহ্বান জানাই।”
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মহলের কূটনৈতিক চাপ সত্ত্বেও যদি ভারত- পাকিস্তানের উত্তেজনা প্রশমিত না হয়, তবে তা শুধু এ অঞ্চলের নয়, গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

