কাশ্মীর পরিস্থিতি ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সরাসরি সংঘাতে জড়িয়েছে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতের পর ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। পাল্টা জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ভূপাতিত হওয়া বিমানগুলোর মধ্যে তিনটি ফরাসি প্রযুক্তির রাফাল, একটি রুশ নির্মিত সু–৩০ এবং একটি মিগ–২৯। তার ভাষায়, “ভারত কাপুরুষোচিতভাবে কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আমরা তার উপযুক্ত জবাব দিচ্ছি।”
এছাড়া পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ভারতের ড্রোন ও নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর কয়েকটি ফাঁড়িও ধ্বংস করা হয়েছে।
পাশাপাশি, ভারত সরকার জানিয়েছে, তারা ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও আজাদ কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে নয়াদিল্লির দাবি, অভিযানে পাকিস্তানের সেনাবাহিনীর স্থাপনা লক্ষ্যবস্তু ছিল না।
এই সংঘর্ষের পটভূমিতে রয়েছে গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, যেখানে প্রাণ হারান ২৬ জন। এর পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে, যা এখন সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নিয়েছে।
এদিকে পাকিস্তান দাবি করেছে, তাদের ভূখণ্ডে হামলায় নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
উল্লেখ্য, চলমান উত্তেজনার মধ্যেই ভারত সম্প্রতি ফ্রান্সের সঙ্গে ২৬টি নতুন রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। প্রায় ৭৪০ কোটি ডলারের এ চুক্তির আওতায় ভারত তার সামরিক বহর আধুনিকায়ন করছে।
বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে এই সামরিক উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা গোটা দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা তৈরি করতে পারে।

