ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছে চীন। দুই দেশের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বেইজিং বলেছে, পরিস্থিতি যেন আর জটিল না হয় সে ব্যাপারে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
রয়টার্সের এক প্রতিবেদনে দেখা যায়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, আজ সকালে ভারতের সামরিক অভিযানকে আমরা দুঃখজনক বলে মনে করি। চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।
বিবৃতিতে আরো বলা হয়, ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী এবং চীনও তাদের প্রতিবেশী দেশ। আমরা সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করি। একই সঙ্গে, আমরা চাই উভয় পক্ষ বৃহত্তর শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সংযম প্রদর্শন করবে।
চীন স্পষ্টভাবে জানিয়েছে, উত্তেজনা এড়াতে কূটনৈতিক সংলাপ ও পারস্পরিক সহযোগিতা জরুরি। দেশটি আরো বলেছে, আমরা আশা করি, উভয় পক্ষ এমন কোনো পদক্ষেপ নেবে না, যা পরিস্থিতিকে আরও জটিল ও অস্থিতিশীল করে তুলতে পারে।
উল্লেখ্য, মঙ্গলবার মধ্যরাতের পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামাবাদ, যাতে প্রাণ হারিয়েছে অন্তত আটজন। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। চীন এই প্রেক্ষাপটেই শান্তিপূর্ণ সমাধানের তাগিদ দিয়েছে।

