কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তানের ভূখণ্ডে ‘নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার ভোররাতে চালানো এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতের তিন বাহিনীর সমন্বিত এই অভিযানে অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংসের দাবি করা হয়েছে।
ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে প্রাণ হারানো সেনা সদস্যদের স্ত্রীদের প্রতি সম্মান জানাতেই এই নামকরণ। সংবাদমাধ্যম এনডিটিভির মতে, ‘সিঁদুর’ শুধু প্রতিশোধের প্রতীক নয় বরং হিন্দু নারীর স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ুর প্রতীক হিসেবেও এক সাংস্কৃতিক বার্তা বহন করে।
সামরিক ও সাংস্কৃতিক বার্তা একসাথে-
সামরিক বিশ্লেষকদের মতে, এই নামকরণ কেবল আবেগনির্ভর নয়; এটি ভারতের জাতীয় গৌরব, প্রতিরক্ষা নীতি এবং কৌশলগত অবস্থান প্রকাশ করে। নামের মধ্য দিয়ে বোঝানো হয়েছে, ভারত তার নাগরিকদের রক্তের দাম বুঝে এবং তার প্রতিশোধ নিতে প্রস্তুত।
‘সিঁদুর’ শব্দে কূটনৈতিক ইঙ্গিতও-
‘সিঁদুর’ শব্দটি ঐতিহাসিকভাবে সিন্ধু নদীর সঙ্গেও সম্পর্কযুক্ত। ইন্দাস পানি চুক্তি, যা ভারত পুনর্বিবেচনার প্রক্রিয়ায় এনেছে, সেই চুক্তির পটভূমিতেই এই নামকরণের কৌশলগত তাৎপর্য খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা। ফলে- নামটি পাকিস্তানের প্রতি এক সুস্পষ্ট ভূরাজনৈতিক বার্তাও বহন করে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও উত্তেজনা-
পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, বাহাওয়ালপুর ও মুজাফফরাবাদে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে, যদিও ভারত এ অভিযোগ অস্বীকার করেছে। হামলার পর আন্তর্জাতিক মহল- বিশেষ করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন- দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ইরান মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছে।
‘অপারেশন সিঁদুর’-কৌশল না বার্তা?
ভারতীয় বিশ্লেষকদের মতে, এই অভিযানের মাধ্যমে ভারত স্পষ্ট করে দিয়েছে, সীমান্তে রক্ত ঝরলে তা বিনা জবাবে যাবে না। একই সঙ্গে এটি এক আবেগঘন সম্মান-নিবেদন শহীদ সেনা পরিবারের প্রতি।
তবে এই অভিযানের পর উপমহাদেশে রাজনৈতিক উত্তেজনা এবং শান্তি প্রক্রিয়া কোন পথে এগোয়- তা সময়ই বলে দেবে।

