কাশ্মীর সীমান্তে উত্তেজনার মধ্যেই ভারতীয় সেনাবাহিনী ‘সাদা পতাকা’ উত্তোলন করেছে বলে দাবি করেছে পাকিস্তান। বুধবার এই দাবি প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, যদিও এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পাকিস্তান সরকারের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে বিষয়টি জানানো হয়। পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এ দাবি পুনরায় পোস্ট করে বলেন, “প্রথমে তারা (ভারত) তদন্ত এড়িয়ে পালিয়েছে, এখন যুদ্ধের ময়দান থেকেও পালাচ্ছে।”
পাল্টা জবাব: ভারতীয় ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি-
পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। তার ভাষায়, “সমস্ত ভারতীয় বিমান আমাদের সীমায় ভূপাতিত করা হয়েছে; পিএএফের সব বিমান নিরাপদ রয়েছে।”
দেখা যায়, পাকিস্তানি সামরিক সূত্র জিও নিউজকে জানিয়েছে, ভূপাতিত বিমানগুলোর মধ্যে রয়েছে- তিনটি রাফাল, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০।
যুদ্ধবন্দি ও হামলার অভিযোগ-
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ নিশ্চিত করেছেন, কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করা হয়েছে। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা চালানোর কথাও জানিয়েছেন তিনি।
সীমান্তে তীব্র গোলাগুলি চলছে-
কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর দু’দেশের সেনাদের মধ্যে তীব্র গুলি বিনিময় চলছে বলে জানিয়েছে পাকিস্তান। পাল্টা প্রতিক্রিয়ায় ভারতও আরও হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের দাবি।
তবে ভারতের পক্ষ থেকে ‘সাদা পতাকা’ উত্তোলন, যুদ্ধবন্দি ও বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহল দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও, সংঘাত নিয়ন্ত্রণে থাকবে কি না- তা নিয়ে সংশয় বাড়ছে।

