কাশ্মীর সীমান্তে (লাইন অব কন্ট্রোল) ফের উত্তেজনা চরমে। সরাসরি সংঘর্ষে জড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী ও পাকিস্তানি স্থলবাহিনী- এমনটাই দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি আল জাজিরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সীমান্ত বরাবর পাল্টাপাল্টি গুলি বিনিময় চলছে এবং পাকিস্তানি বাহিনী কয়েকটি ভারতীয় পোস্ট ধ্বংস করেছে।
উল্লেখ্য, ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে অন্তত আটজন নিহত এবং ৩৫ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। ভারত এই অভিযানের মাধ্যমে ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দেয়।
পাকিস্তানি তথ্যমন্ত্রী আরও দাবি করেন, ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়লে দেশটির বিমানবাহিনী পাঁচটি বিমান ভূপাতিত করেছে। তার ভাষায়, “এটি একটি চলমান ও ক্রমবর্ধমান পরিস্থিতি।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী বুধবার সকাল ১০টায় (পাকিস্তান সময়) জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডেকেছেন বলে জানিয়েছেন আতাউল্লাহ তারার। তিনি বলেন, “এটি আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ফোরাম, যেখানে প্রধানমন্ত্রী নিজেই সভাপতিত্ব করেন।”
ভারত বা পাকিস্তান- দুই পক্ষই এখন পর্যন্ত সংঘর্ষের দায় একে অপরের ওপর চাপাচ্ছে। তবে এই সংঘর্ষ উপমহাদেশে স্থিতিশীলতা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি ও সংলাপের আহ্বান জানালেও বর্তমানে মাটিতে এবং আকাশে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত রয়েছে।

