পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে দক্ষিণ এশিয়ায় উত্তেজনা নিরসনে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মঙ্গলবার (৬ মে) স্থানীয় সময় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এই ঘটনার খবর পেলাম।
তিনি আরো বলেন, সত্যি বলতে, সবাই জানতো কিছু একটা ঘটতে পারে। ভারত ও পাকিস্তান বহু দশক ধরে লড়াই করে আসছে। আমি শুধু চাই এই সংঘাত দ্রুত শেষ হোক।
এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতীয় সামরিক অভিযান চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, মহাসচিব উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম পালনের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব সহ্য করতে পারবে না।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুসও জানান, আমরা পাকিস্তান-ভারতের এই দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। একইসঙ্গে দায়িত্বশীল অবস্থান গ্রহণ এবং দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে কাজ করার জন্য দুই দেশকে আহ্বান জানানো হয়েছে।
এদিকে পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, ভারতের হামলায় পাঞ্জাব ও আজাদ কাশ্মিরে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। এর পাল্টা জবাবে পাকিস্তান ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
তিনি জানান, ধুন্ডিয়াল সেক্টরসহ বেশ কয়েকটি এলাকায় ভারতীয় সেনাবাহিনীর পোস্ট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এর মধ্য দিয়ে পাকিস্তান তার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি পূরণ করছে।
প্রসঙ্গত, কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতের সামরিক প্রতিক্রিয়া আসার আশঙ্কা করছিলেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কয়েক ঘণ্টা আগেই এ বিষয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে দুই দেশকে সতর্ক করা হয়েছিল।

