পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে ঘিরে নিহতের সংখ্যা নিয়ে চলছে বিভ্রান্তি। ভারত দাবি করছে, তাদের ‘অপারেশন সিঁদুরে’ অভিযানে ৭০ জন ‘জঙ্গি’ নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনী বলছে, হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৪৬ জন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, কাশ্মীরের পেহেলগাম হামলার প্রতিশোধে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি ভিন্ন ভিন্ন স্থানে মোট ২৪টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারত। অভিযানের নাম দেয়া হয় ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সূত্রের দাবি, নিহতরা লস্কর-ই-তৈয়বা ও জেশ-ই-মোহাম্মদের সদস্য এবং হামলায় অন্তত ৬০ জন ‘জঙ্গি’ আহত হয়েছে।
হামলার লক্ষ্য ছিল মুজাফ্ফারাবাদ, কোটলি, ভাওয়ালপুর, রাওয়ালকোট, চাকসওয়ারি, বিম্বার, নিলুম ভ্যালি, ঝেলম এবং চাকওয়াল। এসব এলাকায় ‘জঙ্গি ঘাঁটি’ এবং পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত লজিস্টিক চেইন ধ্বংস করা হয় বলে দাবি করছে ভারতীয় গোয়েন্দা সূত্র।
ভারত বলছে, এটি কেবল সামরিক প্রতিক্রিয়া নয় বরং একটি কৌশলগত বার্তা- সীমান্ত সন্ত্রাসবাদ ভারত আর বরদাস্ত করবে না। তারা আরও জানায়, অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে জঙ্গি গোষ্ঠীগুলোর সম্পর্কেরও তথ্যপ্রমাণ রয়েছে।
এদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ সম্মেলনে জানায়, ভারতের হামলায় ভাওয়ালপুরের আহমেদপুরে নিহত হয়েছেন ১৩ জন- যার মধ্যে দুই শিশু, সাত নারী ও চারজন পুরুষ রয়েছেন। এছাড়া মুজাফ্ফারাবাদে বিলাল মসজিদে হামলায় নিহত হয়েছেন দুই শিশু, আর কোটলির আব্বাস মসজিদে প্রাণ হারায় দুই কিশোর-কিশোরী।
আইএসপিআরের মুখপাত্র লে. জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “বেসামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়েছে- যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।”
এই হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। একাধিক বৈশ্বিক নেতা ভারত ও পাকিস্তান উভয়কে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। ভারত দাবি করেছে, তারা আত্মরক্ষার খাতিরেই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

