কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দক্ষিণ এশিয়ায় শুরু হয় নতুন করে যুদ্ধের শঙ্কা। ভারত অভিযোগ করে, এই হামলার সঙ্গে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জড়িত, আর তাদের মদদ দিচ্ছে পাকিস্তানি সামরিক বাহিনী। এর প্রতিক্রিয়ায় ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান শুরু করে, যার আওতায় পাকিস্তান ও আজাদ কাশ্মীরের ৯টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
পাকিস্তানে ভারতীয় হামলা ও প্রতিক্রিয়া-
পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, এই হামলায় পাকিস্তানে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। তিনি একে “কাপুরুষোচিত হামলা” হিসেবে অভিহিত করে বলেন, পাকিস্তান এর উপযুক্ত জবাব দেওয়া শুরু করেছে। পাকিস্তানের দাবি অনুযায়ী, পাল্টা জবাবে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি সু–৩০ ও একটি মিগ–২৯। পাশাপাশি ভারতের বেশ কয়েকটি ড্রোন ও নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু ফাঁড়িও ধ্বংস করা হয়েছে বলে দাবি করে ইসলামাবাদ।
ভারতীয় সামরিক অভিযান ও কৌশলগত বার্তা-
ভারতের পক্ষ থেকে জানানো হয়, ‘অপারেশন সিঁদুর’ একটি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক প্রতিক্রিয়া, যার মাধ্যমে কাশ্মীরের হামলায় শহীদ সেনাদের এবং নিরীহ পর্যটকদের হত্যার বদলা নেওয়া হয়েছে। অভিযানের লক্ষ্য ছিল লস্কর-ই-তৈয়বা ও জেশ-ই-মোহাম্মদের ঘাঁটি ও সরবরাহ চেইন। ভারত দাবি করে, এ অভিযানে ৭০ জন জঙ্গি নিহত এবং ৬০ জন আহত হয়েছে। তবে পাকিস্তান জানায়, এ হামলায় তাদের অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
‘অপারেশন সিঁদুর’: নামের তাৎপর্য-
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, অভিযানের নাম ‘সিঁদুর’ রাখার পেছনে রয়েছে সাংস্কৃতিক ও কৌশলগত বার্তা। সেনা সদস্যদের স্ত্রীর ‘সিঁদুর’ যেমন তাদের স্বামীর জীবনের প্রতীক, তেমনি ভারত এই অভিযানের মাধ্যমে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে- তাদের রক্তের দাম ভারত জানে এবং প্রতিশোধ নিতে প্রস্তুত। একইসাথে ‘সিঁদুর’ শব্দের সঙ্গে সিন্ধু নদ এবং ইন্দাস পানি চুক্তির ঐতিহাসিক যোগাযোগ থাকায়, এটি পাকিস্তানের প্রতি ভূরাজনৈতিক ইঙ্গিতও বহন করে।
সীমান্তে সরাসরি সংঘর্ষ-
কেবল আকাশপথেই নয়, নিয়ন্ত্রণরেখায়ও (LoC) ভারত ও পাকিস্তান সরাসরি সংঘর্ষে জড়িয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, গুলি বিনিময় চলছে এবং পাকিস্তানি বাহিনী কয়েকটি ভারতীয় পোস্ট ধ্বংস করেছে। পাকিস্তানের বিমানবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলেও জানান তিনি।
পাকিস্তানের প্রতিশোধের ঘোষণা-
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে সামরিক বাহিনীকে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তার ভাষায়, পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো সময়, স্থান এবং পদ্ধতিতে প্রতিক্রিয়া জানাতে অধিকারী। এই বক্তব্যে পরোক্ষভাবে ভারতীয় হামলার জবাবে আরও সামরিক পদক্ষেপের ইঙ্গিত পাওয়া গেছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া-
এই হামলা ও পাল্টা হামলার পর জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ইরান দ্বিপক্ষীয় আলোচনার জন্য মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে।
সামরিক শক্তির তুলনা: ভারত বনাম পাকিস্তান-
এই সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক শক্তির তুলনা আবারও সামনে এসেছে। লন্ডনভিত্তিক সংস্থা International Institute for Strategic Studies-এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স একটি তুলনামূলক চিত্র প্রকাশ করেছে।
ভারত আর্থিক অবস্থা:
- প্রতিরক্ষা বাজেট: ৭৫ বিলিয়ন ডলার
- বিদেশী ঋণ: ৩৭১ বিলিয়ন ডলার
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ: ৬২৭ বিলিয়ন ডলার
- ক্রয়ক্ষমতা: ১৩.১ ট্রিলিয়ন ডলার
পাকিস্তান আর্থিক অবস্থা:
- প্রতিরক্ষা বাজেট: ৭.৬৪ বিলিয়ন ডলার
- বিদেশী ঋণ: ৯২ বিলিয়ন ডলার
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ: ১৩.৭ বিলিয়ন ডলার
- ক্রয়ক্ষমতা: ১.৩ ট্রিলিয়ন ডলার
বাহিনীতে জনবল:
- ভারতের সক্রিয় সদস্য: ১৪ লাখ
- সেনাবাহিনী: ১২,৩৭,০০০
- বিমান বাহিনী: ১,৪৯,০০০
- নৌ বাহিনী: ৭৫,৫০০
- কোস্ট গার্ড: ১৩,৩৫০
- পাকিস্তানের সক্রিয় সদস্য: ৭ লাখ
- সেনাবাহিনী: ৫,৬০,০০০
- বিমান বাহিনী: ৭০,০০০
- নৌ বাহিনী: ৩০,০০০
স্থল শক্তি:
- ভারত: কামান ৯,৭৪৩টি, ট্যাংক ৩,৭৪০টি
- পাকিস্তান: কামান ৪,৬১৯টি, ট্যাংক ২,৫৩৭টি
আকাশ শক্তি:
- ভারত: ৫১৩ টি যুদ্ধবিমান
- পাকিস্তান: ৩২৮ টি যুদ্ধবিমান
নৌ শক্তি:
- ভারত: ১৮টি সাবমেরিন, ১১টি ডেস্ট্রয়ার, ১৬টি যুদ্ধজাহাজ, ২টি বিমানবাহী রণতরী
- পাকিস্তান: ৮টি সাবমেরিন, ১০টি যুদ্ধজাহাজ
পারমাণবিক অস্ত্র:
- ভারত: আনুমানিক ১৭২টি
- পাকিস্তান: আনুমানিক ১৭০টি
প্রাকৃতিক সম্পদ (Natural Resources) ভারত:
- তেল উৎপাদন: ৭৯৫,০০০ ব্যারেল
- গ্যাস উৎপাদন: ৩৩,১৭০,০০০,০০০ ব্যারেল
- কয়লা উৎপাদন: ৯৮৫,৬৭১,০০০ ব্যারেল
প্রাকৃতিক সম্পদ (Natural Resources) পাকিস্তান:
- তেল উৎপাদন: ১,০১,০০০ ব্যারেল
- গ্যাস উৎপাদন: ৩৬,৯৩৭,০০০,০০০ ব্যারেল
- কয়লা উৎপাদন: ১২,৭১২,০০০ ব্যারেল
বিশ্লেষকদের মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনা যদি আরো তীব্র হয়, তবে তা শুধু দুই দেশের জন্য নয়, গোটা উপমহাদেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সামরিক শক্তি প্রদর্শনের চেয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এই সংকট উত্তরণ করা জরুরি।


