পাকিস্তানে ভারতের সামরিক হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে চীন। প্রতিবেশী দুই দেশকে শান্তিপূর্ণ পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। চীনের মতে, ভারত-পাকিস্তান এমন দুই প্রতিবেশী যাদের আলাদা করা যায় না, আর দুই দেশই চীনের কাছের।
মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালায় ভারত। ‘অপারেশন সিন্দুর’ নামের এই অভিযানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর লক্ষ্য করে হামলা হয়। এতে অন্তত ২৬ জন পাকিস্তানি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। আহত হয়েছেন অর্ধশতাধিক। পাল্টা জবাবে পাকিস্তানের হামলায় ভারতে ১০ জন নিহত হয়েছে। দুই পক্ষেই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে বিবৃতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক মুখপাত্র বলেন, চীন সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমরা চাই, ভারত ও পাকিস্তান শান্ত থাকুক, সংযম দেখাক এবং এমন কোনো পদক্ষেপ না নেয় যা পরিস্থিতি আরও জটিল করে তোলে।
চীন জানায়, তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইসলামাবাদকে চীন দীর্ঘদিনের ‘অটুট বন্ধু’ মনে করে, আর নয়াদিল্লিকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। দুই দেশের সঙ্গে সম্পর্ক রক্ষায় চীন কৌশলী অবস্থানে রয়েছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, পাকিস্তান চীনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। দেশটি বেল্ট অ্যান্ড রোড প্রকল্পেরও বড় সমর্থক। গত পাঁচ বছরে পাকিস্তান যে পরিমাণ অস্ত্র আমদানি করেছে, তার ৮১ শতাংশই এসেছে চীন থেকে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি বলেছেন, পাকিস্তানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে তারা গভীরভাবে ভাবছে। তিনি বলেন, চীন পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগকে সম্মান করে এবং দেশটির সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনে থাকা চীন ভারতের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ভারত-পাকিস্তান সংঘাতে নতুন করে কূটনৈতিক চাপে পড়েছে বেইজিং।
চীনের মতে, উত্তেজনা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো সংলাপ ও শান্তিপূর্ণ সমাধান। কারণ, এই অঞ্চলের স্থিতিশীলতা শুধু দক্ষিণ এশিয়ার জন্য নয়, গোটা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ।

