ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দুই দেশকে তাৎক্ষণিকভাবে সংঘর্ষ বন্ধের আহ্বান জানান এবং সমাধান প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তার প্রস্তাব দেন।
ট্রাম্প বলেন, এটা ভয়াবহ পরিস্থিতি। আমি উভয় দেশকেই ভালোভাবে চিনি, তাদের নেতাদের সঙ্গেও আমার সুসম্পর্ক রয়েছে। আমি চাই তারা এটা মিটিয়ে ফেলুক, এখনই থামুক। তিনি আরো বলেন, ওরা একে অপরকে পাল্টা জবাব দিচ্ছে, আঘাতের পর আঘাত করছে। আশা করছি, এখন তারা থামবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দেশের সুসম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা উভয় দেশের সঙ্গেই ভালোভাবে মিলেমিশে চলি। তাই আমি চাই এই সহিংসতা বন্ধ হোক। আর যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে আমি প্রস্তুত।
ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক গোলাগুলি, বিমান হামলা এবং ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এ অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতার প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বিশ্লেষকদের মতে, পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে এমন উত্তেজনা শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্বজুড়ে স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। ফলে শান্তি বজায় রাখতে বিশ্ব নেতাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে।

