ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী। বৃহস্পতিবার (৮ মে) সকালে উত্তরকাশীর কাছে এ দুর্ঘটনা ঘটে। সূত্র: এনডিটিভি
প্রাথমিক তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটিতে মোট ছয়জন যাত্রী ছিলেন। দেহরাদুন থেকে ছেড়ে আসা এ হেলিকপ্টারটি হরশিল হেলিপ্যাডে যাচ্ছিল। সেখান থেকে পর্যটকদের গঙ্গনানির উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করার কথা ছিল। তবে মাঝপথেই দুর্ঘটনায় পতিত হয় হেলিকপ্টারটি।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি লিখেছেন, “যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারগুলো যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি পায়।”
মুখ্যমন্ত্রী ধামি প্রশাসনকে দ্রুত আহতদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমে সর্বাত্মক সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং তিনি পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন।
ঘটনার পরপরই রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী ও জেলা প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেটও ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।
প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে সব সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে।

