ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এসব বিমানের মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত ‘রাফাল’, একটি রুশ প্রযুক্তির ‘সুখোই-৩০’ এবং একটি ‘মিগ-২৯’।
পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ভারতীয় যুদ্ধবিমানগুলো পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানোর পরই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাদের গুলি করা হয়।
এদিকে, মঙ্গলবার (৭ মে) এক সাক্ষাৎকারে ফ্রান্সের এক উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করেন, পাকিস্তান অন্তত একটি ভারতীয় ‘রাফাল’ যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। এটি হতে পারে যুদ্ধক্ষেত্রে প্রথম কোনো ‘রাফাল’ যুদ্ধবিমানের ধ্বংসের ঘটনা। সূত্র: সিএনএন
ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই দাবি স্বীকার বা অস্বীকার করা হয়নি। তবে পাকিস্তানের দাবি সত্য হলে, এটি হবে ভারতীয় বিমানবাহিনীর জন্য সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ক্ষতিগুলোর একটি। একই সঙ্গে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রাফাল যুদ্ধবিমান সম্প্রতি ভারতের সামরিক বহরে যুক্ত হয়েছে। মূলত রুশ প্রযুক্তির বিকল্প হিসেবে এবং সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে ফরাসি ‘দাসো অ্যাভিয়াসিওঁ’ কোম্পানি থেকে এসব যুদ্ধবিমান কেনা হয়।
জানা গেছে, সংঘর্ষের আগে ভারতীয় বিমানবাহিনীর বহরে মোট ৩৬টি রাফাল ছিল। অন্যদিকে ভারতের নৌবাহিনী এখনো রুশ নির্মিত মিগ-২৯-এর ওপর নির্ভরশীল।
তবে এই ঘটনার ঠিক একদিন আগেই ভারত নতুন করে আরও ২৬টি ‘রাফাল’ যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে ৬৩ হাজার কোটি রুপির (প্রায় ৭৪০ কোটি মার্কিন ডলার) চুক্তি করেছে। নতুন এই যুদ্ধবিমানগুলো ভারতের নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে।
কাশ্মীরের উয়ান গ্রাম থেকে পাওয়া কিছু ছবিতে একটি যুদ্ধবিমানের বাহ্যিক জ্বালানি ট্যাংকের ধ্বংসাবশেষ দেখা গেছে। অস্ত্র গবেষণা প্রতিষ্ঠান ‘আর্মামেন্ট রিসার্চ সার্ভিসেস’-এর গবেষক ট্রেভর বল ধারণা করছেন, ধ্বংসাবশেষটি ফরাসি ‘মিরাজ’ বা ‘রাফাল’ যুদ্ধবিমানের হতে পারে। তবে এটি শত্রুপক্ষের হামলায় ভূপাতিত কি না- তা এখনও নিশ্চিত নয়।

