ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে শান্তির আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি দুই দেশের নেতাদের প্রতি উদাত্ত আহ্বান জানান- উত্তেজনা হ্রাস এবং বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে।
মালালা লেখেন, “আমরা একে অপরের শত্রু নই। ঘৃণা ও সহিংসতাই আমাদের আসল শত্রু। আমাদের সম্মিলিত নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য একমাত্র পথ হলো শান্তি।”
তিনি সীমান্তে প্রাণ হারানো সাধারণ মানুষের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, এই বিপজ্জনক সময়ে আমি পাকিস্তানে আমার পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী এবং মেয়েদের কথা ভাবছি, যাদের সঙ্গে আমি কাজ করি।
মালালা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট নিরসনে এখনই সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা শুরু করার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। পালটা জবাবে পাকিস্তান দাবি করে, তারা ভারতের একাধিক যুদ্ধবিমান ও ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
শান্তির বার্তা দেওয়া মালালা ইউসুফজাই ১৯৯৭ সালের ১২ জুলাই পাকিস্তানের সোয়াত উপত্যকায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালে তালেবানের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে যুক্তরাজ্যে চিকিৎসা ও শিক্ষা গ্রহণ করেন। মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল জিতে ইতিহাস গড়েন মালালা।
এই পরিস্থিতিতে মালালার বার্তাকে আন্তর্জাতিক মহলে ইতিবাচক ও মানবিক শান্তির কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করা হচ্ছে।

