কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার উভয় দেশের একাধিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ও ভারতের মিলিয়ে মোট ২৫টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।
পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামাবাদ, করাচি, লাহোর ও শিয়ালকোট বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যাত্রীদের উদ্দেশে দেওয়া এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ সর্বশেষ তথ্য জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখার অনুরোধ জানিয়েছে।
এর আগে মঙ্গলবার ও বুধবার রাতে পাকিস্তানের ভেতরে একাধিক স্থানে ভারতীয় বিমান হামলার পর, পাকিস্তান ৪৮ ঘণ্টার জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করলেও তা কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় চালু করা হয়।
অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু থেকে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় সামরিক তৎপরতা বৃদ্ধির জেরে ভারতের অন্তত ২১টি বিমানবন্দরে আগামী ১০ মে পর্যন্ত যাত্রী পরিবহন কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এসব বিমানবন্দর জম্মু-কাশ্মির, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান ও গুজরাট রাজ্যে অবস্থিত।
বিশ্লেষকরা মনে করছেন, সামরিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়েই বিমান চলাচল স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

