সীমান্ত উত্তেজনার মধ্যে ফের পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে ভারত। গত ৭ থেকে ৮ মে’র মধ্যে পাকিস্তানে অন্তত ১২টি ভারতীয় ড্রোন প্রবেশ করে, যেগুলো ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। সূত্র: বিবিসি
পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ শাখার (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে জানিয়েছেন, এসব ড্রোন লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, অ্যাটক, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, ছোড় এবং করাচি অভিমুখে পাঠানো হয়। পাকিস্তানের সেনাবাহিনী সবগুলো ড্রোন শনাক্ত ও ধ্বংস করেছে এবং সেগুলোর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, লাহোরে একটি সামরিক স্থাপনায় চালানো ড্রোন হামলায় চারজন পাকিস্তানি সেনা আহত হয়েছেন এবং স্থাপনাটিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইএসপিআর মহাপরিচালক বলেন, “আমরা সীমান্তে আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। পাকিস্তান সশস্ত্র বাহিনী কেবল প্রতিজ্ঞাবদ্ধ নয়, আমাদের মধ্যে এই আক্রমণ প্রতিহত করার পূর্ণ সক্ষমতা রয়েছে।”
বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের ড্রোন হামলা দক্ষিণ এশিয়ার নিরাপত্তাব্যবস্থাকে আরো উদ্বেগজনক করে তুলছে। এ বিষয়ে ভারতীয় পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

