পাক-ভারত চলমান উত্তেজনার মধ্যে রাফায়েল যুদ্ধবিমান নিয়ে ভারতের উচ্চাভিলাষ কিছুটা ধাক্কা খেয়েছে। ফ্রান্সের কাছ থেকে নতুন করে ২৬টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তির মাত্র এক সপ্তাহ পরই পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় ৫টি যুদ্ধবিমান গুঁড়িয়ে যায়, যার মধ্যে ছিল ৩টি রাফায়েল। এতে প্রশ্ন উঠেছে, এত ব্যয়বহুল এই যুদ্ধবিমান সত্যিই কতটা কার্যকর?
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ফ্রান্সের সঙ্গে ২৬টি রাফায়েল কেনার জন্য সম্প্রতি ৬৩০ বিলিয়ন রুপির চুক্তি করেছে দেশটি। এর প্রতিটি যুদ্ধবিমানের আনুমানিক মূল্য ২৪ বিলিয়ন রুপি। চুক্তি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সব বিমান ভারত পাবে এবং ফ্রান্স ও ভারতে চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এর আগে ভারতীয় বিমানবাহিনীর বহরে ৩৬টি রাফায়েল থাকলেও- কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে জবাবি পদক্ষেপে ভারত যখন নতুন চুক্তিতে যায়, তখন তা ছিল আঞ্চলিক আধিপত্যের কৌশলের অংশ। কিন্তু সেই চুক্তির এক সপ্তাহের মাথায় পাল্টা হামলায় তিনটি রাফায়েল ভূপাতিত হওয়ায় কার্যকারিতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
রাফায়েল যুদ্ধবিমানকে ৪.৫ প্রজন্মের বলা হলেও বাস্তব যুদ্ধক্ষেত্রে এর টিকে থাকা নিয়ে প্রশ্ন উঠছে। ইউরেশিয়ান টাইমস-এর তথ্যমতে, এই যুদ্ধবিমান ১৪৫ কিলোমিটার দূরত্বে ৪০টি লক্ষ্য শনাক্ত ও আক্রমণ করতে সক্ষম। এটি হুমকি শনাক্তকরণ, সক্রিয় জ্যামিং, রাডার ডিকয়সহ উন্নত সুরক্ষা প্রযুক্তিতে সজ্জিত।
তবু, রাফায়েল ব্যবহারে ভারতের প্রত্যাশা অনুযায়ী ফল না মেলায় নতুন চুক্তি নিয়ে এখন দ্বিধায় পড়েছে নয়াদিল্লি। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনাগুলো ভারতের প্রতিরক্ষা নীতিতে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা সৃষ্টি করেছে।
নতুন করে যুদ্ধ পরিস্থিতি ও বিমান হারানোর ঘটনায় রাফায়েল চুক্তি কতটা বাস্তবসম্মত ছিল- তা এখন সময়ই বলে দেবে।

