রোমান ক্যাথলিক চার্চে ইতিহাস সৃষ্টি করলেন যুক্তরাষ্ট্রের রবার্ট প্রেভোস্ট। তিনি নির্বাচিত হয়েছেন নতুন পোপ হিসেবে। গ্রহণ করেছেন পোপ লিও চতুর্দশ নাম। এই প্রথম মার্কিন কোনো নাগরিক পোপের আসনে বসলেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ মে) ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেল থেকে সাদা ধোঁয়া উঠতেই জানিয়ে দেয়, নির্বাচক কার্ডিনালরা সিদ্ধান্তে পৌঁছেছেন। এরপর দীর্ঘ অপেক্ষার পর সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় আবির্ভূত হন নতুন পোপ। তাঁকে একনজর দেখতে ভ্যাটিকান চত্বরে হাজির ছিলেন হাজারো মানুষ।
ঐতিহ্য অনুযায়ী নতুন পোপের নাম ঘোষণা করেন ফরাসি কার্ডিনাল ডমিনিক মাম্বের্তি। উচ্চারণ করেন লাতিন ভাষার ঐতিহাসিক বাক্য— ‘হাবেমুস পাপাম’। অর্থাৎ “আমরা আমাদের পোপ পেয়েছি।”
রবার্ট প্রেভোস্টের বয়স ৬৯ বছর। জন্ম যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। তবে জীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন পেরুতে। দক্ষিণ আমেরিকার এই দেশেই তিনি কাজ করেছেন একজন মিশনারি হিসেবে। ২০২৩ সালে তাঁকে কার্ডিনাল পদে উন্নীত করা হয়।
জনসম্মুখে তিনি সাধারণত চুপচাপ থাকেন। প্রচারমাধ্যমেও খুব কমই কথা বলেন।
নতুন পোপ নির্বাচিত হয়েছেন এমন এক সময়ে, যখন ক্যাথলিক চার্চের আগের প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে মাত্র এক মাস আগে। ১২ বছর ধরে চার্চের নেতৃত্ব দিয়েছেন তিনি। ছিলেন প্রথম লাতিন আমেরিকান পোপ।
পোপ ফ্রান্সিস চার্চে অনেক পরিবর্তন এনেছিলেন। খোলামেলা আলোচনা, নারীদের ধর্মযাজক হিসেবে অন্তর্ভুক্তি এবং এলজিবিটি সদস্যদের স্বীকৃতি— এসব নিয়ে তিনি সাহসী অবস্থান নিয়েছিলেন। অনেকের কাছে তিনি প্রশংসিত হলেও, রক্ষণশীল মহলে তাঁর চিন্তাধারা ছিল বিতর্কিত।
পোপ লিও চতুর্দশ এখন নতুন দায়িত্বে। চার্চের ভবিষ্যৎ নেতৃত্বে তিনি কী বার্তা দেবেন, সেটাই দেখার বিষয়। তাঁর নির্বাচনের মধ্য দিয়ে একদিকে যেমন ইতিহাস গড়েছে ক্যাথলিক চার্চ, অন্যদিকে শুরু হয়েছে এক নতুন যাত্রাও।

