ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, যেখানে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ স্বার্থ জড়িত নয়, সেখানে সামরিকভাবে জড়ানোর প্রশ্নই ওঠে না।
৯ মে (বৃহস্পতিবার) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ভ্যান্স। পরে বিবিসির একটি প্রতিবেদনে তার মন্তব্য তুলে ধরতে দেখা যায়।
ভ্যান্স বলেন, ভারত-পাকিস্তানের মতো দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা গভীর উদ্বেগের বিষয় হলেও যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নেবে না। বরং কূটনৈতিক পথেই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবে।
তিনি আরও যোগ করেন, যদি ভারত কোনো ধরনের আক্রমণ করে, পাকিস্তান প্রতিক্রিয়া জানাবে- এটা স্বাভাবিক। কিন্তু উভয় দেশেরই উচিত উত্তেজনায় না ভেসে গিয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহণ করা।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারও ওপর চাপ প্রয়োগের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আমরা ভারতকে আত্মসমর্পণের কথা বলতে পারি না, যেমনটা পাকিস্তানকেও বলতে পারি না। তবে আমাদের প্রত্যাশা, পরিস্থিতি যেন এমন কোনো পর্যায়ে না পৌঁছে যেখানে তা পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারে।
সংঘাত নিরসনে দ্রুত কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র এ অঞ্চল নিয়ে উদ্বিগ্ন। আমরা চাই, ভারত-পাকিস্তান উত্তেজনা দ্রুত প্রশমিত হোক এবং শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব হোক।

