গতকাল রাতে ভারতীয় সীমান্তে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাজস্থানসহ সীমান্তবর্তী বিভিন্ন শহর কেঁপে ওঠে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী একযোগে ভারতীয় সামরিক ঘাঁটিগুলোর ওপর মিসাইল ও ড্রোন হামলা চালায়। হামলার পর ভারত সরকার সীমান্তবর্তী রাজ্যগুলোর জন্য ব্ল্যাকআউট ঘোষণা করে।
বিস্ফোরণের পর কয়েক মিনিট নীরবতা থাকলেও প্রায় এক ঘণ্টা ধরে বিস্ফোরণ চলতে থাকে। স্থানীয় কর্মকর্তাদের মতে, বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তান সীমান্ত অতিক্রম করে রকেট হামলা শুরু হয়। এর ফলে পাঞ্জাব, রাজস্থান ও জম্মু-কাশ্মীরের শহরগুলোতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এরপর সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়।
পাঞ্জাবের পাঠানকোট, যা পাকিস্তান সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে, তা ব্ল্যাকআউটের আওতায় আসে। দিল্লি থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত চণ্ডীগড়েও একই পরিস্থিতি দেখা যায়। একাধিক বাসিন্দা স্থানীয় ভিডিওতে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র আকাশে ছড়িয়ে পড়তে এবং ভারতের পাল্টা আঘাতে বিস্ফোরিত হতে দেখেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, পাকিস্তান বৃহস্পতিবার রাতে ৮টি ক্ষেপণাস্ত্র ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ছুড়েছে। হামলা চালানো হয়েছে জম্মু কাশ্মীরের বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা সহ অন্যান্য স্থানে। ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়।
জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে দুটি পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। জম্মু শহরের মোবাইল নেটওয়ার্কও বন্ধ করে দেওয়া হয়। বিমানবাহিনীর ঘাঁটিগুলোতে সাইরেন বাজে এবং শহরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে ব্ল্যাকআউট করা হয়। পাঞ্জাবের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন, বিমানবাহিনীর নির্দেশে শহরে ব্ল্যাকআউট চলছে।
ভারত সরকারের দাবি, পাকিস্তান সেনাবাহিনী বুধবার রাতে এবং বৃহষ্পতিবার সারাদিনে তাদের পাঞ্জাব, গুজরাট, জম্মু-কাশ্মীরসহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তবে, হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পাকিস্তানের হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণ চালিয়েছে। ভারতীয় সামরিক বাহিনী দাবি করেছে, পাকিস্তানের মিসাইল ও ড্রোন হামলা আকাশে ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ভারতের সামরিক বাহিনী জানিয়েছে, পাকিস্তান থেকে আসা হামলার প্রতিরোধে শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড়সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। রাশিয়ার তৈরি এস-৪০০ সিস্টেম দিয়ে এসব হামলা প্রতিহত করা হয়।
ভারত-পাকিস্তান সীমান্তে এই নতুন উত্তেজনা আরও একবার বিশ্ব সম্প্রদায়ের নজর কাড়ছে। পাকিস্তান এবং ভারত উভয়েই একে অপরের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর দাবি করছে, যা ভবিষ্যতে পরিস্থিতির আরো অবনতি ঘটাতে পারে।

