ভারতের পাঞ্জাবে রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকার দৃশ্য এবং সেগুলো সরানোর ঘটনায় সেনাবাহিনীর সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। নিজস্ব অনুসন্ধান ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে বিষয়টির সত্যতা যাচাই করেছে বিবিসি ভেরিফাই।
ফ্রান্সের ডাসোঁ এভিয়েশনের তৈরি রাফাল ভারতের বিমানবাহিনীর অন্যতম আধুনিক ও বিধ্বংসী যুদ্ধবিমান হিসেবে পরিচিত। সম্প্রতি পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল রয়েছে। তবে এই দাবির পক্ষে দৃশ্যমান কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং ভারতও এ ধরনের দাবি স্বীকার করেনি।
বিবিসি ভেরিফাই অবশ্য তিনটি পৃথক ভিডিও যাচাই করে নিশ্চিত হয়েছে, যেখানে রাফাল বিমানের ধ্বংসাবশেষ দৃশ্যমান। এর একটি ভিডিও জিওলোকেশন প্রযুক্তির মাধ্যমে পাঞ্জাবের ভাতিন্ডা অঞ্চলের একটি কৃষিক্ষেতে চিহ্নিত করা গেছে। ওই ভিডিওতে ভারতীয় সেনা সদস্যদের ধ্বংসাবশেষ সরিয়ে নিতে দেখা যায়।
অন্য দুটি ভিডিও রাতের আঁধারে ধারণ করা। একটিতে দেখা যায়, মাঝ আকাশে একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রে আগুন ধরে যাচ্ছে এবং পরে কৃষিক্ষেতে আগুন জ্বলতে থাকে। অন্যটিতে যুদ্ধবিমান ধ্বংস হয়ে কৃষিক্ষেতে পড়ে থাকার স্পষ্ট চিত্র দেখা যায়।
সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা ও রিস্ক ইনটেলিজেন্স সংস্থা ‘সিবিএনআর ইন্সাইট’-এর প্রধান জাস্টিন ক্রাম্প বিবিসিকে জানান, ভিডিওতে যে ধ্বংসাবশেষ দেখা গেছে, তা সম্ভবত ফরাসি তৈরি একটি এয়ার-টু-এয়ার মিসাইলের অংশ, যা মিরাজ-২০০০ এবং রাফাল দুই বিমানে ব্যবহৃত হয়।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, একটি যুদ্ধবিমানের “টেইল ফিন” মাটিতে পড়ে আছে, যার গায়ে “BS001” ও “Rafale” লেখা। ছবিটির গুগল রিভার্স ইমেজ সার্চে কোনো পূর্ববর্তী সংস্করণ পাওয়া যায়নি, যা এর সাম্প্রতিকতার ইঙ্গিত দেয়।
পাকিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বৃহস্পতিবার ‘অপারেশন সিন্দুর’ নিয়ে দিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, “সঠিক সময় এলে এ বিষয়ে সরকারিভাবে তথ্য জানানো হবে।”

