চলমান সামরিক উত্তেজনার আবহে এবার আরব সাগরে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার (৯ মে) ভোরে শুরু হওয়া এই ‘টার্গেটেড অপারেশন’-এর মাধ্যমে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা সূত্র। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
এর আগের দিন বৃহস্পতিবার রাতে পাকিস্তান, জম্মু ও কাশ্মীর সীমান্তে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। ভারতের অভিযোগ, ওই রাতে জম্মু, আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হিরানগর এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে পাকিস্তান। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা সফলভাবে প্রতিহত করা হয়।
একই সময় পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে এবং রাজস্থানের জয়সলমেরে পাকিস্তানি একটি ড্রোন আটকানো হয় বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ। এসব ঘটনার পর চণ্ডীগড়, মোহালি, শ্রীনগরসহ গুরুত্বপূর্ণ শহরে জরুরি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ব্ল্যাকআউট কার্যকর করা হয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মূল লক্ষ্য ছিল জম্মু, পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটি। দ্রুত প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে ভারতের এসব দাবি সরাসরি অস্বীকার করেছে পাকিস্তান। আলজাজিরাকে দেওয়া এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা বলেন, ভারতীয় মিডিয়ায় গুজবের বন্যা বইছে। পাকিস্তানের দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা, লাহোর ও করাচিতে হামলা- এসবের কোনো ভিত্তি নেই।
পাকিস্তান আরো দাবি করেছে, ভারত ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে দিয়ে উত্তেজনা উসকে দিচ্ছে। তবে উভয় দেশের সরকার ও সেনাবাহিনী থেকে এখনো এ নিয়ে আনুষ্ঠানিক কোনো পূর্ণাঙ্গ বিবৃতি দেওয়া হয়নি।

