গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর ওপর ধারাবাহিক হামলা চালিয়ে ১৯ জন সেনাকে হত্যা করার দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা- আল-কাসসাম ব্রিগেড। বৃহস্পতিবার (৯ মে) এক বিবৃতিতে তারা এই দাবি করে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এমনটাই জানা যায়।
হামাস জানায়, পূর্ব রাফাহর আল-তান্নুর পাড়ায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে একটি সাত সদস্যের ইসরাইলি সেনাদলের ওপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়, যাতে ওই ইউনিটের সকল সদস্য নিহত হয়।
এর আগে একই এলাকার আল-ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভেতরে অবস্থানরত ইসরাইলি ইঞ্জিনিয়ারিং ইউনিটের ওপর হামলা চালানোর কথা জানায় ব্রিগেডটি। ওই ইউনিটে থাকা ১২ জন সেনা অ্যান্টি-পার্সোনেল ও অ্যান্টি-আর্মর শেলের আঘাতে নিহত হয়েছে বলে দাবি করে তারা।
হামাসের ভাষ্য অনুযায়ী, ওই বাড়িতে বিস্ফোরণের পর ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং আহতদের সরিয়ে নিতে ইসরাইলি হেলিকপ্টার নামতে দেখা গেছে।
এছাড়া পূর্ব রাফাহর আল-জেনিনা পাড়ায় ইসরাইলি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষ চলছে বলেও জানায় আল-কাসসাম। তবে এসব ঘটনার ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরাইলি সামরিক বাহিনী।
সর্বশেষ ইসরাইলি সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা অভিযানে এখন পর্যন্ত ৮৫৪ জন সেনা নিহত হয়েছে। এর মধ্যে চলতি বছরের ১৮ মার্চ থেকে শুরু হওয়া অভিযানে নিহত হয়েছেন ছয়জন।
এছাড়া, ইসরাইলি সেনাবাহিনীর দেওয়া তথ্য মতে, এ পর্যন্ত মোট ৫,৮৪৭ জন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কেবল গাজার স্থল অভিযানেই আহত হয়েছেন ২,৬৪১ জন। এ পরিসংখ্যানে গাজা ছাড়াও দক্ষিণ লেবানন ও পশ্চিম তীরে নিহত ও আহত সেনাদের সংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে।
তবে বিশ্লেষকরা বলছেন, ইসরাইলি সেনাবাহিনী প্রায়ই ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য গোপন করে থাকে।
অন্যদিকে গাজায় চলমান ইসরাইলি অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৫২ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন- যাদের অধিকাংশই নারী ও শিশু।

