বিশ্ববাসীর সামনে নতুন পোপ হিসেবে আত্মপ্রকাশ করলেন মার্কিন নাগরিক রবার্ট প্রেভোস্ট। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনি থেকে তাঁর নাম ঘোষণার আগেই জমায়েত জনতা ‘ভিভা ইল পাপা’ ধ্বনিতে মুখর হয়। ৬৯ বছর বয়সী এই ধর্মগুরু রোমান ক্যাথলিক গির্জার ২৬৭তম পোপ হিসেবে ‘পোপ চতুর্দশ লিও’ নাম ধারণ করেন।
শিকাগোতে স্প্যানিশ ও ফরাসি-ইতালীয় বংশোদ্ভূত এক অভিবাসী পরিবারে জন্ম নেওয়া প্রেভোস্ট বহু বছর ধরে পেরুতে যাজক, শিক্ষক ও মিশনারি হিসেবে কাজ করেছেন। এজন্য তাঁকে শুধুমাত্র মার্কিনি নয়, লাতিন আমেরিকান ভাবধারার ধারক হিসেবেও বিবেচনা করা হয়।
পোপ লিও চতুর্দশ তাঁর প্রথম বক্তৃতায় প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,
“আমাদের কানে এখনো ধ্বনিত হচ্ছে পোপ ফ্রান্সিসের দুর্বল কিন্তু সব সময়ের সাহসী কণ্ঠস্বর, যিনি আমাদের আশীর্বাদ করেছিলেন। ঈশ্বরের সঙ্গে আমরা যেন ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলি। আসুন, আমরা একসঙ্গে সামনে চলি।”
একটি অভিবাসী পরিবারে বেড়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন,
“আমি যুক্তরাষ্ট্রে জন্মালেও আমার দাদা-দাদি ও নানা-নানি ছিলেন অভিবাসী- ফরাসি, স্প্যানিশ। আমি একটি ধর্মপ্রাণ ক্যাথলিক পরিবারে বড় হয়েছি। আমার মা–বাবা দুজনই গির্জার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন।”
প্রেভোস্ট পেরুর প্রান্তিক মানুষের সঙ্গে কাজ করার সময় দারিদ্র্য, অসমতা ও পরিবেশবিষয়ক সচেতনতায় সক্রিয় ছিলেন। তিনি একবার বলেন,
“কথা নয়, এখন সময় কাজ করার। প্রকৃতির ওপর কর্তৃত্ব যেন অত্যাচারে পরিণত না হয়। আমাদের উচিত প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা।”
বিশ্লেষকদের মতে, ‘লিও’ নামটি বেছে নিয়ে প্রেভোস্ট নিজেকে সামাজিক সচেতনতা ও সহানুভূতির ধারক হিসেবে তুলে ধরার বার্তা দিয়েছেন। ভ্যাটিকান তাঁকে আমেরিকার দ্বিতীয় ও অগাস্টিনীয় সম্প্রদায় থেকে প্রথম পোপ হিসেবে চিহ্নিত করেছে।
পোপ চতুর্দশ লিও তাঁর পূর্বসূরি ফ্রান্সিসের সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণ করবেন কিনা, সে বিষয়ে ক্যাথলিক গির্জার ভেতর আগ্রহ বাড়ছে। ধারণা করা হচ্ছে, অভিবাসী, দরিদ্র ও পরিবেশ নিয়ে তাঁর মতাদর্শ ফ্রান্সিসের পথেই চলবে।

