ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশের নিরাপত্তা পরিস্থিতি ও সশস্ত্র বাহিনীর প্রস্তুতি পর্যালোচনায় শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার নয়াদিল্লির সাউথ ব্লকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে জানায়, সীমান্তের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ভারতীয় বাহিনীগুলোর প্রস্তুতি সম্পর্কে খোঁজ-খবর নেন প্রতিরক্ষামন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং।
২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা নাকচ করেছে।
এ ঘটনার জের ধরেই গত ৬-৭ মে রাতভর ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের নয়টি স্থানে বিমান হামলা চালায় ভারত। দেশটি জানায়, এই হামলা ছিল ‘নির্বাচিত, ভারসাম্যপূর্ণ এবং উসকানিমুক্ত।’ তারা দাবি করেছে, অভিযানে পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়নি।
অন্যদিকে পাকিস্তান ওই হামলায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে। পাশাপাশি উভয় দেশই একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলছে।
দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান এই সামরিক উত্তেজনা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি করেছে।

