কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পাশাপাশি দুই দেশের মধ্যে সরাসরি সংলাপের ওপর জোর দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার পৃথক ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন রুবিও। এই আলাপের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, পররাষ্ট্রমন্ত্রী রুবিও দুই দেশের নেতাদের সঙ্গে ফোনালাপে অবিলম্বে উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি আরো বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপ এবং সরাসরি যোগাযোগ বাড়ানোর প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে।
এই কূটনৈতিক তৎপরতার মাঝেই বৃহস্পতিবার রাতের শেষভাগে বিস্ফোরণে কেঁপে ওঠে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু শহর। ভারতীয় সামরিক বাহিনীর ধারণা, এটি ছিল পাকিস্তানের পক্ষ থেকে চালানো ড্রোন হামলা।
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বেড়ে চলেছে। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ তা অস্বীকার করেছে।
পরবর্তীতে ভারত ৬-৭ মে রাতে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে বিমান হামলা চালায়। ভারত এই হামলাকে ‘নির্বাচিত ও উসকানিমুক্ত’ বলে উল্লেখ করলেও পাকিস্তান দাবি করেছে, এতে তাদের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।
এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা বন্ধ করবে এবং প্রয়োজনে সংকট নিরসনে সহায়তা করতেও প্রস্তুত রয়েছেন। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো মধ্যস্থতার প্রস্তাব দেয়নি।

