পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করা ইসরাইলি প্রযুক্তিতে তৈরি ২৫টি ভারতীয় ড্রোন গুলি করে ধ্বংস করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এ ঘটনায় অন্তত তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন সেনা সদস্যও রয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।
সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে জানান, ধ্বংস করা ড্রোনগুলো দেশের বিভিন্ন প্রদেশের বেশ কিছু শহরে বিধ্বস্ত হয়। এর মধ্যে রয়েছে পাঞ্জাবের লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, বাহাওয়ালপুর; সিন্ধুর করাচি, উমেরকোট, সুক্কুর; এবং অ্যাটক ও রাওয়ালপিন্ডি।
লাহোরের কাছে একটি সামরিক স্থাপনায় আংশিক আঘাত হানে একটি ড্রোন, এতে পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হন। ওয়ালটন ও বুরকিতে তিনটি ড্রোন ভূপাতিত হয়। এছাড়া মুরি রোডে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পাশে আরেকটি ড্রোন পড়ে একজন নিহত হন ও দুইজন আহত হন।
অ্যাটকে- ফতেহ জং এলাকার জাব্বি কাসরানে একটি ড্রোন পড়ে এক কৃষকের মৃত্যু হয় এবং আহত আরেক ব্যক্তি হাসপাতালে নেওয়ার পর মারা যান। গুজরানওয়ালার বিভিন্ন গ্রামে তিনটি ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
করাচির শরাফি গোথ ও গুলশান-ই-হাদিদ এলাকার কাছে দুটি ড্রোন বিধ্বস্ত হয়, যার একটি ছাদ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করে। তবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উমেরকোটেও একটি ড্রোন ছোর সেনানিবাসের কাছে বিধ্বস্ত হলেও কেউ আহত হয়নি।
জেনারেল চৌধুরী জানান, পাকিস্তান সেনাবাহিনী সফলভাবে ‘হারোপ’ নামের ইসরাইলি প্রযুক্তিতে তৈরি এই ড্রোনগুলো প্রতিহত করেছে। তিনি বলেন, “আমাদের সেনাবাহিনী সফট ও হার্ড স্কিলের সমন্বয়ে শত্রু ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে।”
এদিকে, ভারতীয় প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তবে বেশিরভাগ হামলাই জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হেনেছে বলে দাবি করেছে পাকিস্তান।
আইএসপিআর-এর এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান পাঁচটি যুদ্ধবিমান ও বেশ কয়েকটি পোস্ট ধ্বংস করার পর ভারত আতঙ্কিত হয়ে ড্রোন হামলা শুরু করে। তারা একে “ভারতের কাপুরুষোচিত আক্রমণ” বলে উল্লেখ করেছে।
পাকিস্তান সেনাবাহিনী বলছে, তারা শত্রু পক্ষের সব ধরনের আগ্রাসনের জবাব দিচ্ছে এবং প্রতিটি ষড়যন্ত্র ব্যর্থ করে দিচ্ছে।

