পাকিস্তানকে ‘আসল উত্তেজনা সৃষ্টিকারী’ আখ্যা দিয়ে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে ভারত- এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা। বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন বলে জানা যায়।
সাক্ষাৎকারে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে পদক্ষেপ নিয়েছে, তা তিনি “সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ” বলে অভিহিত করেন। কোয়াত্রা বলেন, “ভারত কোনো আগ্রাসন চালাচ্ছে না বরং পাকিস্তান থেকে আসা হুমকির জবাব দিচ্ছে মাত্র।”
সাম্প্রতিক সময়ে কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের দায়ী করে ভারত, যেখানে প্রাণ হারিয়েছেন ২৬ জন বেসামরিক নাগরিক। তবে এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।
সিএনএন উপস্থাপক যখন প্রশ্ন করেন, ভারত কি পাকিস্তানের সঙ্গে যুদ্ধাবস্থায় রয়েছে?- তখন এর সরাসরি জবাব না দিয়ে কোয়াত্রা বলেন, ভারত যুদ্ধ করছে সন্ত্রাসীদের বিরুদ্ধে।
উভয় দেশের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে- এমন প্রেক্ষাপটে উত্তেজনা পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারে কিনা, সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, এ প্রশ্নের উত্তর আপনারা পাকিস্তানের কাছ থেকেই জানতে পারবেন।
সিএনএন জানিয়েছে, বিষয়টি নিয়ে পাকিস্তানের রাষ্ট্রদূতকেও শিগগিরই একটি টেলিভিশন সাক্ষাৎকারে বক্তব্য দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

