কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে টানা সংঘর্ষের মধ্যে ভারতের বিরুদ্ধে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ভোর থেকে ভারতের একাধিক সামরিক স্থাপনায় আঘাত হেনেছে তারা, যার মধ্যে রয়েছে বিয়াস অঞ্চলের একটি ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার। এই হামলার মাধ্যমে ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’ নামে একটি সামরিক অভিযানের সূচনা করেছে পাকিস্তান।
পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের উধমপুর বিমানঘাঁটি এবং পাঞ্জাবের পাঠানকোট ঘাঁটিতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে তারা। ইসলামাবাদ বলছে, এই হামলা ভারতের আগের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত করেছে। তাই আমরা উপযুক্ত জবাব দিয়েছি। ইসলামাবাদের কাছে নুর খান ঘাঁটি, পাঞ্জাবের মুরীদ ও শোরকোট ঘাঁটিতে ভারতের হামলা ঠেকানোর কথা জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তাদের দাবি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে।
সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে জানান, ভারত বিমান থেকে সারফেস-টু-সারফেস মিসাইল ছুড়েছে। আমাদের জবাব এখন শুরু হয়েছে এবং চলবে।
পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানায়, ভারতকে আমাদের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সশস্ত্র বাহিনী আকাশসীমা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত।
তবে ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও পর্যন্ত এই হামলা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই সেনাবাহিনী গণমাধ্যমকে ব্রিফ করবে।
বুধবার থেকে শুরু হওয়া ভারত-পাকিস্তান সংঘাতে এখন পর্যন্ত দুই পক্ষের দাবি অনুযায়ী অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
বিশ্লেষকদের মতে, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চলমান উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

