ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি শহরে পাকিস্তানের গোলাবর্ষণে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি রাজ কুমার থাপ্পা, তিনি রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার (এডিডিসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনিবার সকালে পাকিস্তান ‘অপারেশন সিন্দুর’-এর পাল্টা জবাব হিসেবে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন বেসামরিক এলাকায় গোলাবর্ষণ চালায়। এতে থাপ্পাসহ আরও কয়েকজন নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসনের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে রাজ কুমার থাপ্পার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি লেখেন, “মাত্র কয়েক ঘণ্টা আগেও তিনি আমার সভাপতিত্বে একটি অনলাইন বৈঠকে অংশ নিয়েছিলেন। আজ তার বাড়িতেই পাকিস্তানের গোলা এসে পড়ে।” এ ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, গোলাবর্ষণে রাজৌরির একটি বাড়ির অংশবিশেষ বিধ্বস্ত হয়েছে এবং পার্কিংয়ে থাকা গাড়িগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের হামলা নতুন করে সংঘর্ষের মাত্রা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

