ভারতের সামরিক হামলার পাল্টা জবাবে চালু হওয়া ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’-এর প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জরুরি বৈঠকে আহ্বান জানিয়েছেন ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ)-কে। শনিবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, ভোরে শুরু হওয়া এই অভিযানে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে পাঞ্জাবের বেয়াসে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার, উদমপুর, পাঠানকোট ও আদমপুর বিমানঘাঁটি। এছাড়া জি-টপে ভারতীয় ব্রিগেড সদর দপ্তর এবং উরি এলাকার একটি সরবরাহ ডিপো ধ্বংসেরও দাবি করেছে ইসলামাবাদ।
এছাড়া দেহরাংগিয়া অঞ্চলে একটি ভারতীয় আর্টিলারি ইউনিট ও নাগরোটায় অবস্থিত আরও একটি ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে হামলা চালানো হয়েছে বলেও জানানো হয়।
পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই অভিযানে ব্যবহৃত হয়েছে দেশটির নিজস্ব উৎপাদিত ‘আল-ফাতাহ’ ক্ষেপণাস্ত্র। নিহত শিশুদের স্মরণে এ মিসাইলের নামকরণ করা হয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেন নিরাপত্তা কর্মকর্তারা।
প্রসঙ্গত, এনসিএ হলো পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক ও সামরিক সংস্থা, যার দায়িত্ব পারমাণবিক অস্ত্রসহ কৌশলগত সম্পদ ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণ। ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ বৈঠককে অতি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনা ঘিরে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

