ভারতের নিয়ন্ত্রিত আকাশসীমা লঙ্ঘন করে ৮ ও ৯ মে’র মধ্যরাতে পাকিস্তান প্রায় ৩০০ থেকে ৪০০ ড্রোন পাঠিয়েছে- এমনই অভিযোগ তুলেছে ভারত। এই হামলা হয়েছে লাইন অব কন্ট্রোল (এলওসি) ও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মোট ৩৬টি স্থানে, যার লক্ষ্য ছিল ভারতের সামরিক স্থাপনাসমূহ।
শুক্রবার (৯ মে) এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী, সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমানবাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিংহ বলেন, এই হামলা ছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা ও গোয়েন্দা তথ্য সংগ্রহের একটি পরিকল্পিত প্রচেষ্টা। তাঁরা জানান, ড্রোনগুলোর কিছু ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখা গেছে, সেগুলো ছিল তুরস্কে তৈরি ‘আসিসগার্ড সংগার’ মডেলের।
উইং কমান্ডার ভূমিকা সিংহ আরও বলেন, একটি সশস্ত্র ইউএভি ভারতের বাঠিন্ডা সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা চালায়, তবে সেটি প্রতিহত করা হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় সশস্ত্র ড্রোন পাকিস্তানের চারটি আকাশ প্রতিরক্ষা ঘাঁটিতে হামলা চালায় এবং একটি রাডার ধ্বংস করতে সক্ষম হয়।
প্রতিরক্ষা সূত্র জানায়, এই ড্রোন আক্রমণ ছাড়াও পাকিস্তানের সেনাবাহিনী এলওসি বরাবর টাংধার, উরি, পুঞ্চ, মেন্ধার, রাজৌরি, অখনূর ও উধমপুরে ভারী কামান থেকে গোলাবর্ষণ এবং সশস্ত্র ড্রোন হামলা চালায়, যাতে ভারতীয় সেনাবাহিনীর কিছু ক্ষয়ক্ষতি ও আহত হওয়ার ঘটনা ঘটে। তবে পাল্টা হামলায় পাকিস্তানও বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি ভারতের।
ভারত অভিযোগ করেছে, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে তাদের বেসামরিক বিমান চলাচল বন্ধ করেনি এবং করাচি-লাহোর রুটে ফ্লাইট চালু রেখে সেগুলোকে ‘ঢাল’ হিসেবে ব্যবহার করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় পাকিস্তানের ব্যর্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরই ‘অপারেশন সিন্দুর’-এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের নয়টি লক্ষ্যবস্তুতে ভারত হামলা চালায়।
উত্তেজনা বৃদ্ধির পর ভারত সাময়িকভাবে দেশের ২৮টি বিমানবন্দর বন্ধ রাখে। এদিকে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় গোলাবর্ষণ ও ড্রোন হামলায় এক নারী নিহত ও অপর একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টা থেকে সেখানে ব্ল্যাকআউট জারি করা হয়। গোটা জম্মু অঞ্চলে রাতভর গোলাগুলি, সাইরেন এবং প্রতিরক্ষা প্রতিক্রিয়ার আওয়াজে সাধারণ মানুষ আতঙ্কে রাত কাটান।

