গাজায় নতুন করে ত্রাণ কার্যক্রম শুরু করার ইসরাইলি উদ্যোগে বড় ধরনের ধাক্কা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইসরাইলের অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটি। শুক্রবার (৯ মে) টাইমস অব ইসরাইল-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
ইসরাইলের লক্ষ্য ছিল, সদ্য প্রতিষ্ঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এর মাধ্যমে এমন একটি ত্রাণ ব্যবস্থা চালু করা, যেখানে হামাসের সম্পৃক্ততা থাকবে না। এই ফাউন্ডেশনের মাধ্যমে গাজার প্রায় ৬০ শতাংশ জনসংখ্যাকে খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল।
ইসরাইলি কর্মকর্তারা আশা করেছিলেন, সংযুক্ত আরব আমিরাত তাদের এই পরিকল্পনায় আর্থিক সহায়তা দিলে অন্যান্য দেশ ও সংস্থাগুলোকেও তাতে যুক্ত করা সহজ হবে। তবে সেই আশায় জল ঢেলে দিয়েছে আবুধাবি।
ওয়ালা নিউজের বরাতে জানা গেছে, ইসরাইলের অঞ্চল বিষয়ক সমন্বয় প্রধান মেজর জেনারেল ঘাসান আলিয়ান এবং কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মারের ঘনিষ্ঠ সহযোগী মোরান স্ট্যাভ সম্প্রতি আমিরাত সফর করেন। সেখানে তারা আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী রিম আল হাশিমির সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে হাশিমি স্পষ্ট জানিয়ে দেন, সংযুক্ত আরব আমিরাত এই প্রকল্পে কোনো আর্থিক সহায়তা দেবে না, কারণ এটি গাজার চলমান মানবিক সংকটের কার্যকর সমাধান নয়।
এদিকে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকেও জিএইচএফকে সমর্থন না দেওয়ার ঘোষণা এসেছে। এক বিবৃতিতে তারা জানায়, এই উদ্যোগে মানবিক সহায়তা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এটি সংকট মোকাবেলায় পর্যাপ্ত নয়।
এই প্রেক্ষাপটে গাজার জন্য নতুন ত্রাণ পরিকল্পনায় ইসরাইলের কূটনৈতিক চেষ্টায় বড় ধাক্কা লাগলো বলে মনে করছেন বিশ্লেষকেরা।

