ভারতের গুজরাটে ১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথম পাকিস্তান সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা সূত্র। শুক্রবার (৯ মে) রাতের হামলায় গুজরাটসহ ভারতের অন্তত ২৬টি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং অন্যান্য কৌশলগত স্থাপনা।
আউটলুক বিজনেস-এর বরাতে জানা গেছে, পাকিস্তানের এই পাল্টা হামলা এসেছে ভারত কর্তৃক পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, অভিযানে ‘ফাতেহ’ নামের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে এবং হামলার সংখ্যা ছিল ২৫টির বেশি।
অন্যদিকে, ভারতের সেনাবাহিনী এক্স (সাবেক টুইটার)-এ এক বিবৃতিতে এই হামলাকে “উত্তেজনা বৃদ্ধির খোলাখুলি চেষ্টা” বলে অভিহিত করেছে এবং দাবি করেছে, পাকিস্তানের পাঠানো ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে।
লাহোরের গভর্নমেন্ট কলেজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী জাঘম আব্বাস এই হামলাকে ‘প্রতিরোধের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠার পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন। শনিবার ভোরে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “এই প্রথম গুজরাটে আঘাত হানা হলো ১৯৭১ সালের পর। গুজরাটই হিন্দুত্ববাদী সন্ত্রাসের ঘাঁটি, যেখানে নরেন্দ্র মোদির শাসনে ২০০০ মুসলমান নিহত হয়েছিলেন।”
তিনি আরও দাবি করেন, পাকিস্তানি বিমান উধমপুর, দিল্লি ও গুজরাটে গভীর হামলা চালিয়েছে এবং ভারতের সামরিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, পাকিস্তান সেনাবাহিনী এক্স-এ ক্ষেপণাস্ত্র হামলার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে মোবাইল লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য দেখা যায়।
এই পরিস্থিতি সীমান্ত উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে এবং ভবিষ্যতে এটি পূর্ণাঙ্গ সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।

