ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর পাল্টা হিসেবে পাকিস্তান যে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে, তার নাম ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’। এই নামটির উৎস ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন থেকে নেওয়া হয়েছে। কুরআনের ৬১ নম্বর সূরা আস-সফ-এর ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, “নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যেন তারা একটি সীসাঢালা প্রাচীর।”
‘বুনইয়ানুম মারসৌস’ আরবি শব্দবন্ধ, যার আক্ষরিক অর্থ- ‘সীসা দিয়ে গড়া প্রাচীর’ বা ‘দৃঢ় কাঠামো’। কুরআনিক ভাষ্যে এই শব্দবন্ধটি মুসলিমদের ঐক্য, শৃঙ্খলা ও সংগ্রামী চেতনার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়- বিশেষত আল্লাহর উদ্দেশ্যে সংঘটিত সংগ্রামে।
পাকিস্তান সরকার কিংবা সামরিক বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে অভিযানের কৌশলগত বিস্তারিত প্রকাশ না করলেও- এই নামকরণের মধ্য দিয়ে একটি ধর্মীয় ও আদর্শিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেই বিশ্লেষকদের ধারণা।
সম্প্রতি উভয় দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর এই অভিযান ঘোষণা করে পাকিস্তান। এতে ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী।
এই অভিযানের নামকরণে ধর্মীয় অনুষঙ্গ যোগ করায় আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

