ভারতের সঙ্গে চলমান যুদ্ধ-উত্তেজনার মধ্যেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। শনিবার সকাল ১০টা ৮ মিনিটে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। পাকিস্তান আবহাওয়া দপ্তর (পিএমডি) এই তথ্য নিশ্চিত করেছে।
আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালায়, যা ভূপৃষ্ঠের প্রায় ২৩০ কিলোমিটার গভীরে অবস্থিত। ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি এবং উত্তর ওয়াজিরিস্তানসহ বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের কারণে আতঙ্ক ছড়ালেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ভূতাত্ত্বিকভাবে পাকিস্তান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে এ অঞ্চলে মাঝেমধ্যেই ভূমিকম্পের ঘটনা ঘটে। এর আগে ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭.৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৪০০ জন নিহত হয়েছিলেন।
সাম্প্রতিক ভূমিকম্পটি এমন এক সময়ে ঘটল, যখন ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও এটি প্রাকৃতিক ঘটনা, তবে দুর্যোগ ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের প্রস্তুতির গুরুত্ব আবারও সামনে চলে এসেছে।

