পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন ও আক্রমণাত্মক প্রস্তুতির অভিযোগ তুলেছে ভারত। শনিবার (১০ মে) এক সংবাদ সম্মেলনে ভারতীয় সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কোরেশি জানান, পাকিস্তানের সেনাবাহিনী সম্মুখসারিতে সেনা আনছে এবং সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছে বলে তারা নজরদারিতে পেয়েছেন।
তিনি বলেন, আমরা দেখেছি পাকিস্তান তাদের বাহিনীকে সীমান্তে মোতায়েন করছে, যা পরিষ্কারভাবে একটি হামলার ইঙ্গিত। ভারতীয় বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে এবং যেকোনো ধরনের আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।
সোফিয়া আরও জানান, ভারতের পক্ষ থেকে উত্তেজনা প্রশমনের অঙ্গীকার এখনো বহাল রয়েছে, তবে পাকিস্তানকেও সেই অঙ্গীকারে আসতে হবে।
এদিকে শুক্রবার রাতভর উত্তপ্ত ছিল ভারত-পাকিস্তান সীমান্ত। ভারত দাবি করেছে, পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে তারা সফল হামলা চালিয়েছে। এর জবাবে পাকিস্তানও ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ চালু করে ভারতের সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে বলেন, ভারতের আগ্রাসনের পাল্টা জবাব দিতে পাকিস্তান একটি সমন্বিত প্রতিরোধ গড়ে তুলেছে। নিরীহ মানুষের রক্তের বদলা আজ আমরা নিয়েছি।
জম্মু-কাশ্মিরের শ্রীনগরসহ সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেসামরিক লোকজন আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে সরতে শুরু করেছে বলে জানা গেছে।
উপমহাদেশজুড়ে যুদ্ধাবস্থা সৃষ্টির প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ।

