ভারতের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সমর্থনে শক্তিশালী অবস্থান পেয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, ভারতের পাশে এখন কেবল ইসরায়েল রয়েছে। বিশ্বের বেশিরভাগ দেশই এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থানে রয়েছে কিন্তু পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে একাধিক শক্তিশালী রাষ্ট্র।
শুক্রবার (৯ মে) পাকিস্তানের জাতীয় পরিষদে এক বক্তৃতায় তিনি জানান, চীন, তুরস্ক ও আজারবাইজান স্পষ্টভাবে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করছে। পাশাপাশি ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের সঙ্গেও নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান এক বিবৃতিতে সতর্ক করে বলেন, এই দ্বন্দ্ব দ্রুত খোলামেলা সংঘাতে পরিণত হতে পারে, যা কেবল ভারত-পাকিস্তান নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তিনি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান এবং কাশ্মীরে আন্তর্জাতিক তদন্তের পাকিস্তানি প্রস্তাবের প্রশংসা করেন।
এদিকে ভারতের প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল সুফিয়া কুরশি অভিযোগ করেছেন, পাকিস্তান তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে ভারতের অভ্যন্তরে অন্তত ৩৬টি স্থানে ৩০০-৪০০ বার হামলা চালিয়েছে। তিনি বলেন, এসব ড্রোন ভারতের আকাশসীমায় প্রবেশ করে গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করছিল- তবে বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ভারতীয় বাহিনী।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের এসব অভিযোগকে ‘ফ্যান্টম ডিফেন্স’ বা ‘ভৌতিক প্রতিরক্ষা’ হিসেবে প্রত্যাখ্যান করে বলেন, যদি পাকিস্তান হামলা চালায়, সেটা গোপন থাকবে না, বিশ্ব তা জানবে।
ভারতের উদ্দেশে তিনি আরো বলেন, তারা কি এখনও অষ্টাদশ শতকে বাস করছে? এখন সময় বাস্তবতা মেনে নেওয়ার।” তার মতে, “যুদ্ধ হয় যুদ্ধক্ষেত্রে, সিনেমার পর্দায় নয়।
এ ধরনের উত্তেজনাপূর্ণ অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা বলছেন, দুই পরমাণু শক্তিধর দেশের এই উত্তপ্ত পরিস্থিতি আন্তর্জাতিক শান্তির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

