ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সব ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- এমনই দাবি করেছে একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম।
শুক্রবার (৯ মে) ইসরায়েলের প্রভাবশালী ‘ইসরায়েল হায়োম’ পত্রিকা ও ‘আর্মি রেডিও’র খবরে জানানো হয়, ট্রাম্পের ঘনিষ্ঠমহল মনে করছে, নেতানিয়াহু তাঁকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন। এমন সন্দেহ থেকেই ট্রাম্প দুই দেশের পুরোনো মিত্রতার এই ব্যক্তিগত বন্ধন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইসরায়েলি সাংবাদিক ইয়ানির কোজিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, ট্রাম্প এখন মধ্যপ্রাচ্য নীতিতে নেতানিয়াহুর ওপর নির্ভর না করেই এগোতে চাইছেন।
তিনি আরো দাবি করেন, ওয়াশিংটনে এক বৈঠকে ইসরায়েলের কৌশলগতবিষয়ক মন্ত্রী রন ডারমারের ‘অতিরিক্ত পরামর্শমূলক আচরণ’ ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে। এরপর থেকেই তাঁর ঘনিষ্ঠরা নেতানিয়াহুর বিষয়ে নেতিবাচক ধারণা পোষণ করতে শুরু করেন।
ইসরায়েল হায়োম-এর প্রতিবেদনে আরো বলা হয়, নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক দীর্ঘদিন ধরেই অবনতির দিকে যাচ্ছিল। নেতানিয়াহুর ‘ধীর সিদ্ধান্ত গ্রহণ’ এবং মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলায় তাঁর ‘দ্বিধাগ্রস্ত ভূমিকা’ ট্রাম্পকে হতাশ করেছে। একাধিক সূত্রের বরাতে পত্রিকাটি জানিয়েছে, ট্রাম্প এখন সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক গভীর করার দিকে মনোযোগী।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাব্য আলোচনা থেকে নেতানিয়াহুকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এই অঞ্চলের কূটনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
যদিও এখনো যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল- দুই দেশের পক্ষ থেকেই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে এই ইঙ্গিতগুলো ট্রাম্পের মধ্যপ্রাচ্য কৌশলে বড় ধরনের পুনর্বিন্যাসের আভাস দিচ্ছে।

