ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় একদিনে আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। এই হামলার পর গাজার মৃতের মোট সংখ্যা ৫২ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। এছাড়া, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২,৭০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এর ফলে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজার মৃতের সংখ্যা ৫২ হাজার ৮১০ জনে পৌঁছেছে, জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় আরও ১২৪ জন আহত হয়েছেন, ফলে হামলার শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৯ হাজার ৪৭৩ জনে পৌঁছেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায় যে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। গত ১৫ মাসের সামরিক অভিযানের পর, গত ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলেও, হামাসের সঙ্গে মতানৈক্য ও গাজার সেনা প্রত্যাহারের প্রশ্নে ইসরায়েল মার্চের তৃতীয় সপ্তাহে আবারও বিমান হামলা শুরু করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় ২,৭০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৭,৪৩২ জন আহত হয়েছেন।
ইসরায়েলের এই বর্বর হামলা ২০২৪ সালের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের এই আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। গাজার অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। গত বছরের নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়া জারি করেছে।
অবরুদ্ধ গাজায় এই গণহত্যা ও আক্রমণের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে ফিলিস্তিন, যেখানে ইসরায়েলকে চ্যালেঞ্জ করা হচ্ছে।

