ভারত ও পাকিস্তান একটানা চলা উত্তেজনার পর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে এর কয়েক ঘণ্টার মধ্যে সিএনএনের সাংবাদিক নিক রবার্টসন দাবি করেছেন, পাকিস্তানের শক্তিশালী পাল্টা আক্রমণ ভারতের অবস্থানকে নড়বড়ে করে দেয়, যার ফলে ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা কামনা করে।
নিক রবার্টসন সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ভারত যখন পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালায়, তখন পাকিস্তান দ্রুত মিসাইল ও রকেট হামলা চালায় ভারতের সামরিক স্থাপনা, বিমানঘাঁটি ও অস্ত্র গুদাম লক্ষ্য করে। এতে ভারত চরম বিপাকে পড়ে, তারা বুঝতেই পারেনি কী ঘটেছে।”
এই উত্তেজনার সূত্রপাত ৭ মে, যখন ভারত সীমান্ত অতিক্রম করে “অপ্ররোচিত” হামলা চালায়, যার ফলে ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন এবং এর মধ্যে শিশুও ছিল। এর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করে, যার মধ্যে তিনটি ছিল রাফাল। এছাড়া, পাকিস্তান প্রায় ৮০টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করে, যেগুলোর মধ্যে ইসরাইলি-নির্মিত আইএই হেরন ইউএভিও ছিল।
এরপর ভারত পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে একযোগে মিসাইল হামলা চালায়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, এসব মিসাইল বিমান থেকেই ছোড়া হয়েছিল। এর পর পাকিস্তান “অপারেশন বুনয়া নুম মারসূস” নামক একটি অভিযান চালায়, যার লক্ষ্য ছিল ভারতের একাধিক সামরিক ঘাঁটি ও একটি মিসাইল সংরক্ষণ কেন্দ্র।
এই পাল্টা আক্রমণের পর, প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন যে, ভারত ও পাকিস্তান এক সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। চারদিনের এই আঘাত-পাল্টা আঘাতের মধ্যে শেষ পর্যন্ত এই সমঝোতা সম্ভব হয়।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, “দীর্ঘ রাতব্যাপী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা শেষে আমি আনন্দের সাথে জানাচ্ছি যে ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে। সাধারণ বোধ ও বুদ্ধির সুন্দর ব্যবহারের জন্য দুই দেশকে অভিনন্দন জানাই।”
নিক রবার্টসন বলেন, “পাকিস্তান প্রাথমিকভাবে ‘সামরিক বিরতি’ দিয়ে কূটনৈতিক পথ খোলা রাখে, কিন্তু ভারত যখন তিনটি বিমানঘাঁটিতে হামলা চালায়, তখন পাকিস্তান তার সম্পূর্ণ সামরিক শক্তি প্রয়োগে বাধ্য হয়। এরপরই ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তাদের মাধ্যমে মধ্যস্থতা চায়।”
এভাবে দিনভর কয়েক দফা উত্তেজনা চলার পর, আন্তর্জাতিক কূটনৈতিক চাপের মধ্য দিয়ে যুদ্ধবিরতির সমঝোতা হয়। সূত্রগুলি জানিয়েছেন, এই যুদ্ধবিরতিকে “এখন না হলে কখনো নয়” মুহূর্ত হিসেবে বর্ণনা করা হয়েছে।
পাকিস্তান বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পানি সংকটের দিকে নজর রাখছে। তবে আপাতত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং পরিস্থিতি ধাপে ধাপে এগোতে পারে বলে ধারণা করা হচ্ছে।

