আজ বিশ্ব মা দিবস। প্রতিবছরের মতো মে মাসের দ্বিতীয় রবিবার দিনটি পালিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, যার উদ্দেশ্য- মায়ের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করা। যুক্তরাষ্ট্রে এর সূচনা হলেও বাংলাদেশসহ প্রায় সব দেশেই এখন নানা আয়োজনে পালিত হয় মা দিবস।
তবে বাস্তবতা হলো, মা শব্দের মর্যাদা বা ভালোবাসা প্রকাশে কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন পড়ে না। সন্তানকে দশ মাস গর্ভে ধারণ করা থেকে শুরু করে আজীবন ত্যাগ-তিতিক্ষায় যিনি নিজেকে বিলিয়ে দেন, সেই মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা হওয়া উচিত প্রতিটি মুহূর্তে।
মা ও সন্তানের সম্পর্ক জন্মগত, আত্মিক এবং চিরন্তন। যুগে যুগে এই বন্ধনের প্রতিফলন ঘটেছে সাহিত্য, সংগীত ও শিল্পকর্মে। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মনে পড়া’, শামসুর রাহমানের ‘কখনো আমার মাকে’, হুমায়ুন আজাদের ‘আমাদের মা’ এবং আল মাহমুদের ‘নোলক’সহ বহু কবিতা মায়ের প্রতি ভালোবাসার নিদর্শন।
মাতৃত্বকে সব ধর্মেই সর্বোচ্চ মর্যাদায় স্থান দেওয়া হয়েছে। ইসলাম ধর্মেও মায়ের মর্যাদা অনন্য। পবিত্র কোরআনের সুরা লোকমানের ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘আমি মানুষকে তার মা-বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভধারণ করে।’
বিশ্বের প্রায় সব ভাষায় ‘মা’ শব্দের উচ্চারণে রয়েছে এক বিস্ময়কর মিল। উচ্চারণ শুরু হয় ‘ম’ বা ‘এম’ দিয়ে। ভাষাবিদ রোমান জ্যাকবসনের মতে, শিশুরা স্তন্যপানকালে মুখভর্তি অবস্থায় যে শব্দ করে, তা নাক দিয়ে বের হয়ে ‘ম’-এর মতো শোনায়। এই ব্যাখ্যায় প্রকাশ পায় ভাষা ও মাতৃত্বের প্রাথমিক সংযোগ।
ইংরেজি শব্দ ‘মম’ এসেছে ল্যাটিন শব্দ ‘মাম্মা’ থেকে, যার অর্থ স্তন। এখান থেকেই ‘ম্যামেল’ শব্দের উৎপত্তি, যা স্তন্যপায়ী প্রাণীর ইংরেজি প্রতিশব্দ।
মা দিবস পালনের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রে। ১৮৭০ সালে সমাজকর্মী জুলিয়া ওয়ার্ড হোই শান্তির বার্তা নিয়ে ‘মাদারস ডে প্রোক্লেমেশন’ জারি করেন। পরে অ্যান মারিয়া রিভস জার্ভিস এবং তার মেয়ে আনা মেরি জার্ভিস মা দিবসকে ঘিরে নানা সামাজিক কর্মকাণ্ড শুরু করেন। ১৯০৮ সালে আনা তার প্রয়াত মায়ের স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করেন।
ধাপে ধাপে প্রচেষ্টার ফল আসে। ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে জাতীয় মা দিবস হিসেবে ঘোষণা করেন। সেই থেকেই বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে আসছে গভীর ভালোবাসা আর শ্রদ্ধার আবেগ নিয়ে।

