গাজায় চলমান ইসরায়েলি অবরোধের মধ্যে জাতিসংঘের ত্রাণ কাঠামোকে পাশ কাটিয়ে নতুনভাবে ত্রাণ বিতরণে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) নামে একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন ও ইসরায়েলি অংশীদারিত্বে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে গাজায় সরাসরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে- তবে জাতিসংঘ বা বিদ্যমান আন্তর্জাতিক সংস্থাগুলোকে এতে রাখার কোনো পরিকল্পনা নেই বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুক্রবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেন গাজায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তিনি জানান, নতুন এই তহবিল ত্রাণ বিতরণে ইসরায়েলের নিরাপত্তা সহায়তা পাবে, তবে দেশটি সরাসরি এতে সম্পৃক্ত থাকবে না। একদিন আগেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি বরুস প্রথম এ পরিকল্পনার ঘোষণা দেন, যদিও বিস্তারিত কিছু তখন জানানো হয়নি।
বিশ্লেষকরা বলছেন, হামাসের নিয়ন্ত্রণে সহায়তা পৌঁছানো বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ প্রচেষ্টার অংশ হিসেবেই দেখা হচ্ছে এ উদ্যোগকে। মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, জিএইচএফ একটি বিকল্প বিতরণ কাঠামো প্রস্তাব করেছে, যা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ভূমিকা প্রতিস্থাপন করবে। এ কাঠামোতে বেসরকারি ঠিকাদারদের মাধ্যমে গাজায় নিরাপদ বিতরণ কেন্দ্র চালু করা হবে, যেখানে ফিলিস্তিনিরা এসে ত্রাণ সংগ্রহ করবে।
এদিকে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থাগুলো এই উদ্যোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র সাবেক মুখপাত্র ক্রিস গানেস বলেছেন, এটি মূলত ‘এইড-ওয়াশিং’য়ের নতুন রূপ। তাঁর মতে, ইসরায়েল ও তার মিত্ররা ত্রাণের নামে ফিলিস্তিনিদের অনাহারে আত্মসমর্পণে বাধ্য করছে, যা গণহত্যার একটি কৌশল মাত্র।
মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, নতুন বিতরণ পদ্ধতিতে ‘নিরাপদ’ কেন্দ্রগুলোতে এসে সহায়তা নিতে গিয়ে ফিলিস্তিনিরা বারবার ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হচ্ছেন। ইসরায়েলের নিজস্ব পরিকল্পনায় চারটি বিতরণ কেন্দ্র চালু করা হবে, প্রতিটি ৩ লাখ মানুষের জন্য। সেখানে গাজার উত্তরের বাস্তুচ্যুত মানুষদের সহায়তা নিতে আসতে হবে।
অন্যদিকে, জাতিসংঘের মানবিক সংস্থার মুখপাত্র জেন্স লারকে মন্তব্য করেছেন, এটি একটি সুপরিকল্পিত উদ্যোগ, যার মাধ্যমে মানবিক সহায়তাকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করা হচ্ছে। তাঁর ভাষায়, “মানবিক সহায়তা বিতরণ হওয়া উচিত কেবল মানবিক বিবেচনায়, কৌশলগত নয়।”
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিস নিউজ জানিয়েছে, তহবিলটির ব্যবস্থাপনায় সাবেক বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি দায়িত্ব পেতে পারেন। বর্তমানে এ বিষয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ একাধিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে।
গাজায় গত বছরের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েল ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫৩ হাজার ফিলিস্তিনি, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। জাতিসংঘ জানিয়েছে, গাজার ২৩ লাখ মানুষের অধিকাংশই একাধিকবার বাস্তুহারা হয়েছেন এবং ত্রাণ না পেলে তারা ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়বেন।
ওদিকে অবরোধের কারণে গাজায় খাদ্য, ওষুধ ও জ্বালানির চরম সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের তথ্য বলছে, অন্তত ৫৭ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন, যাদের বেশিরভাগই শিশু, বৃদ্ধ এবং অসুস্থ মানুষ।
মার্কিন রাষ্ট্রদূত হাকাবি বলেছেন, “সবচেয়ে বড় বিপদ হলো কিছু না করা। অনাহারে মৃত্যু ঠেকাতে আমাদের পদক্ষেপ নিতে হবে।” তবে এই বিতরণ পদ্ধতির কার্যকারিতা ও নিরপেক্ষতা নিয়ে এখনই প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে।

