যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির ৪৮ ঘণ্টার মাথায় আবারও উত্তেজনা ছড়িয়েছে ভারত-পাকিস্তান সীমান্তে। যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই দুই দেশ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।
রোববার ভোরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে ভারতের বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ইসলামাবাদ। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি বাহিনী দায়িত্বশীল ও সংযমী অবস্থান বজায় রেখেছে এবং সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমস্যার সমাধানে প্রস্তুত রয়েছে।
অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গভীর রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান ফের গোলাগুলি শুরু করেছে, যা “চুক্তির চরম অবমাননা”। তাঁর দাবি, ভারতীয় সেনাবাহিনী এর জবাব দিচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একইসঙ্গে সীমান্তে আরও কড়াকড়ি আরোপের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এই উত্তেজনার পটভূমিতে রয়েছে কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিলের বন্দুকধারী হামলা, যেখানে ২৬ জন নিহত হন। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। যদিও পাকিস্তান সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এই হামলার পর থেকেই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দিবাগত রাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান চালায়, যার লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থাপনা। ওই অভিযানের প্রতিক্রিয়ায় পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই শান্তি চুক্তির ঘোষণা দেন, যার কিছুক্ষণ পর ভারত ও পাকিস্তান আলাদাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেয়।
কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় যুদ্ধবিরতির বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে।

