আজ পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম পবিত্র দিন শুভ বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা- জন্ম, বোধিলাভ (জ্ঞান প্রাপ্তি) এবং মহাপরিনির্বাণ- এই দিনেই সংঘটিত হয়েছিল বলে দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। বৈশাখী পূর্ণিমার এই দিনটিকে বৌদ্ধরা গভীর শ্রদ্ধা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে উদযাপন করে থাকেন।
দিনটি উপলক্ষ্যে বাংলাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা আজ বুদ্ধ পূজা, শীল গ্রহণ, পিণ্ডদান ও ভিক্ষু সংঘকে দানসহ নানা ধর্মীয় রীতিনীতি পালন করছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী প্রার্থনা, ধর্মসভা এবং আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।
গৌতম বুদ্ধ ছিলেন অহিংসা, শান্তি, সাম্য ও সহানুভূতির বাণীবাহক। তিনি আহ্বান জানিয়েছিলেন—‘জগতের সকল প্রাণী সুখী হোক’। আজকের দিনটি তাঁর এই মানবতাবাদী দর্শনের প্রতি শ্রদ্ধা নিবেদনের উপলক্ষ হিসেবেও বিবেচিত।
বৌদ্ধ ধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য স্মরণে বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রগুলো দিনটি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানমালা ও নিবন্ধ প্রকাশ করছে।
দিনটি বৌদ্ধদের জন্য শুধু ধর্মীয় উৎসব নয় বরং মানবতার শিক্ষা ও আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ বার্তাবাহী দিবস।

