পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি ঠেকাতে সরাসরি হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। ভয়াবহ গোয়েন্দা তথ্য হাতে পাওয়ার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এরপরই শান্তির পথে অগ্রসর হয় দুই দেশ।
সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিলেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত অবহিত করেন এবং মোদিকে দ্রুত যুদ্ধবিরতির আলোচনায় আসার অনুরোধ জানান।
ভ্যান্স মোদিকে স্পষ্ট করে জানান, হোয়াইট হাউসের বিশ্লেষণে এই সংঘাত দ্রুত বড় পরিসরে রূপ নিতে পারে এবং সাপ্তাহিক ছুটির মধ্যেই তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। তিনি মোদিকে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগের পরামর্শ দেন এবং উত্তেজনা কমাতে বিকল্প কূটনৈতিক পথ খুঁজে বের করার আহ্বান জানান।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হাতে আসা সেই গোপন গোয়েন্দা তথ্য এতটাই উদ্বেগজনক ছিল যে, হোয়াইট হাউস বিষয়টিকে অগ্রাধিকারের তালিকায় রাখে এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেয়।
এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের নেতৃত্বে কূটনৈতিক দল ভারত ও পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে রাতভর আলোচনা চালায়।
যদিও যুক্তরাষ্ট্র সরাসরি কোনো যুদ্ধবিরতি চুক্তি খসড়ায় অংশ নেয়নি, তবে তারা দুই দেশকে আলোচনায় বসাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। কর্মকর্তাদের মতে, মোদি-ভ্যান্স ফোনালাপ ছিল এই প্রক্রিয়ার মোড় ঘোরানো মুহূর্ত।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ভারত সফরে গিয়ে মোদির সঙ্গে বৈঠক করেছিলেন। ট্রাম্প প্রশাসনের ধারণা ছিল, ব্যক্তিগত সেই সম্পর্কের ফলে মোদিকে দেওয়া বার্তা আরও কার্যকর হয় এবং তিনি আলোচনায় সম্মত হন।
ফলে দীর্ঘ ৪৮ ঘণ্টার কূটনৈতিক তৎপরতা শেষে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়- যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে, ভারত-পাকিস্তানের মতো পরমাণু-অস্ত্রধারী অঞ্চলের সংকটে কৌশলগতভাবে সক্রিয় রয়েছে যুক্তরাষ্ট্র এবং প্রয়োজনীয় মুহূর্তে তারা ‘শান্তির পক্ষের শক্তি’ হিসেবে কাজ করে যাচ্ছে।

