যুক্তরাষ্ট্রের সঙ্গে দোহায় চলমান সংলাপে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে কোনও ধরনের অধিকার হরণ মেনে নেবে না তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগশি শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “পরমাণু কর্মসূচি ইরানের সার্বভৌম অধিকার এবং এ নিয়ে কোনও আপস হবে না।”
দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত হয়েছে ওমান। এই প্রক্রিয়ায় খোলা মন নিয়ে অংশ নিচ্ছে ইরান, জানিয়ে আরাগশি বলেন, “যদি এই আলোচনা পরমাণু অস্ত্র তৈরি রোধে কোনও সমঝোতা তৈরির উদ্দেশ্যে হয়, তাহলে আমরা প্রস্তুত। তবে লক্ষ্য যদি হয় আমাদের পরমাণু অধিকার কেড়ে নেওয়া, তাহলে ইরান কখনোই তা মেনে নেবে না।”
২০১৫ সালে ইরানের সঙ্গে ‘জ্যাকোপা’ চুক্তির মাধ্যমে ওয়াশিংটন তেহরানের পরমাণু কর্মসূচি সীমিত করতে সক্ষম হলেও, ২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর চুক্তিটি কার্যকারিতা হারায় এবং ইরান পুনরায় তাদের কর্মসূচিতে গতি আনে।
জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সম্প্রতি জানায়, ইরান বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করছে- যা ৯০ শতাংশে পৌঁছালে পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব।
এই উদ্বেগজনক তথ্য সামনে আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি চিঠি লিখে সংলাপে বসার প্রস্তাব দেন। এরপরই ওমানের মধ্যস্থতায় নতুন করে আলোচনার পথ খোলে।
আরাগশি বলেন, আমরা আলোচনায় অংশ নিচ্ছি শান্তিপূর্ণ সমাধানের জন্য। তবে আমাদের অধিকার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

