কাশ্মীরে রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে ভারত ও পাকিস্তান ‘তাৎক্ষণিক ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে। গতকাল শনিবার ঘোষিত এই সিদ্ধান্তকে দুই দেশের মধ্যে উত্তেজনা হ্রাসের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্বনেতারা। মধ্যস্থতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হলে দ্বিপক্ষীয় উত্তেজনার সূচনা হয়। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও- ইসলামাবাদ কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি তোলে। এরপর পাল্টাপাল্টি হামলায় বেসামরিক প্রাণহানি ঘটে দুই দেশেই।
পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, ভারতীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত ও ৭৬ জন আহত হয়েছেন। পাল্টা জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে এবং নিয়ন্ত্রণরেখার বিভিন্ন চৌকিতে হামলা চালায়।
এমন উত্তেজনার মধ্যে দুই দেশের এই যুদ্ধবিরতি আন্তর্জাতিক অঙ্গনে স্বস্তির বার্তা হিসেবে ধরা দিয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে যুদ্ধবিরতিকে ‘শান্তির পথে একটি ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর মুখপাত্র স্টিফেন ডুজারিক বিবৃতিটি সংবাদমাধ্যমে প্রকাশ করেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক্সে দেওয়া পোস্টে বলেন, “ভারত-পাকিস্তানের আজকের যুদ্ধবিরতিকে দারুণভাবে স্বাগত জানাই। আমি উভয় পক্ষকে এটি বজায় রাখার আহ্বান জানাই। সবার স্বার্থেই উত্তেজনা প্রশমন জরুরি।”
তুরস্ক, সৌদি আরব, চীন এবং ওমানের পক্ষ থেকেও যুদ্ধবিরতির জন্য দুই দেশের প্রশংসা এসেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোন করে শান্তিপূর্ণ আচরণের জন্য ইসলামাবাদের প্রশংসা করেন।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা উভয় পক্ষকে যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে সরাসরি ও কার্যকর সংলাপে বসার আহ্বান জানাই।”
বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি টেকসই শান্তির দিকে এগিয়ে যেতে পারবে কিনা, তা নির্ভর করছে উভয় দেশের রাজনৈতিক সদিচ্ছা ও আন্তঃরাষ্ট্রীয় কূটনীতির ওপর।

