যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নতুন করে স্বস্তির বার্তা দিয়েছে ইসলামাবাদ। সব ধরনের বেসামরিক উড়োজাহাজ চলাচলের জন্য আকাশসীমা উন্মুক্ত করেছে পাকিস্তান। একইসঙ্গে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরেও স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। শ্রীনগরে খুলছে দোকানপাট, ফিরছে কর্মব্যস্ততা।
রোববার (১১ মে) সকালে পাকিস্তান এয়ারপোর্ট অথরিটির (পিএএ) বরাতে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন জানায়, পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশপথ এখন উড়োজাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে জানায় কর্তৃপক্ষ।
অন্যদিকে যুদ্ধবিরতির পরদিন শ্রীনগরের রাস্তাঘাটে দেখা গেছে মানুষের চলাচল। খুলছে দোকানপাট, বাজারে ফিরেছে লোকজন। হায়দারপোরা এলাকার মুদিদোকানি মোহাম্মদ আনাস বলেন, “দোকান খুলেছি কিন্তু সতর্কতা নিয়েই। কেউ জানে না যুদ্ধবিরতি কতদিন টিকে থাকবে।”
একই এলাকার বাসিন্দা শাকিলা নামের এক নারী বলেন, “আমরা শান্তি চাই কিন্তু গত রাতেও বিস্ফোরণের শব্দে আতঙ্কে ছিলাম। কোনো দেশকেই আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারছি না।”
শনিবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশকে যুদ্ধবিরতিতে আসার ঘোষণা দেন। এরপরই বদলাতে শুরু করে পরিস্থিতির চিত্র। যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানায় দুই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সীমান্তবর্তী সাধারণ মানুষ।
তবে রোববার রাতেও শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানান জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি এক্সে দেওয়া পোস্টে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন। দুই দেশই একে অপরকে দোষারোপ করছে।
বিশ্লেষকদের মতে, এ যুদ্ধবিরতি বাস্তবায়নের পাশাপাশি আস্থা পুনর্গঠনের জন্য দুই দেশের মধ্যে ধারাবাহিক সংলাপ জরুরি।

